images

স্পোর্টস / ক্রিকেট

৪০ পেরিয়ে প্রাইম ব্যাংকে ফিরলেন মাহমুদউল্লাহ, তামিমকে দিলেন কৃতিত্ব

স্পোর্টস ডেস্ক

১৮ এপ্রিল ২০২৬, ০২:৪১ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন এক বছরেরও বেশি সময় আগে। ফেব্রুয়ারিতে পা রেখেছেন ৪০-এ। কিন্তু ক্রিকেটের প্রতি ভালোবাসা আর নিষ্ঠা এখনো অটুট। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) নতুন চ্যালেঞ্জ নিয়ে নামছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার তিনি মোহামেডান স্পোর্টিং ক্লাব ছেড়ে যোগ দিয়েছেন প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। দীর্ঘদিন পর প্রাইম ব্যাংকের জার্সিতে ফিরে উচ্ছ্বসিত মাহমুদউল্লাহ।

দলবদলের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলে নিজের খুশির কথা জানান মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি খুব খুশি এই দল নিয়ে। টপ-অর্ডার থেকে শুরু করে পুরো স্কোয়াড যেভাবে সাজানো হয়েছে, তা সত্যিই চমৎকার।’

টপ-অর্ডারে আজিজুল হাকিম তামিম, শাহাদাত হোসেন দীপু এবং অন্যদের উপস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, মিডল অর্ডারে নিজে ও শামীম হোসেন পাটোয়ারির সঙ্গে তরুণ ক্রিকেটাররাও রয়েছেন। পেস ও স্পিন বিভাগেও ভালো ভারসাম্য আছে আলিস আল ইসলাম, তানজিম হাসান সাকিব, রায়ান রাফসান ও এনামুলের মতো বোলাররা দলে আছেন। ‘তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের দারুণ মিশেল হয়েছে এই দলে। এটা আমাকে আশাবাদী করে,’ যোগ করেন তিনি।

প্রায় এক দশক পর আবার প্রাইম ব্যাংকের হয়ে খেলতে পেরে ক্লাবকে ধন্যবাদ জানান মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘২০১৫ সালের পর এবার আবার সুযোগ হয়েছে। প্রাইম ব্যাংক বছরের পর বছর ধরে ক্রিকেটারদের সেরা সুযোগ-সুবিধা ও পারিশ্রমিক নিশ্চিত করে আসছে। এটা তাদের বড় কৃতিত্ব।’

তিনি আরও বলেন, ‘মাঠে কষ্ট করে খেলার পর ক্রিকেটাররা চান তাদের পারিশ্রমিক ঠিকঠাক পেতে। প্রাইম ব্যাংক এই দিক থেকে প্রিমিয়ার লিগের একটি স্তম্ভ।’

একই সময়ে বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালকে কৃতিত্ব দিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘কৃতিত্ব তামিমকেই দিতে হবে। ও এসে এই উদ্যোগটা নিয়েছে। অবশ্যই এটা ক্রিকেটারদের জন্য বড় আয়ের একটি উৎস, তবে দিনশেষে আমরা সবাই মাঠে থাকতে চাই, খেলতে চাই। মাঠে খেলার সুযোগ পাওয়ার থেকে বড় কিছু নেই।’