স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ পিএম
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। তবে ওপেনার সাইফ হাসানের অর্ধশতক ও লিটন দাসের সতর্ক ব্যাটিংয়ে ধীরে ধীরে চাপ সামলানোর চেষ্টা চলছে স্বাগতিকদের। কিন্তু ফিফটি করেই কিউই পেসার ও'রুর্কের শিকার হলেন সাইফ। তাতে তৃতীয় উইকেটে জুটি ভাঙে টাইগারদের।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ২৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে।
নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২৪৭ রানে ৮ উইকেট হারিয়ে ইনিংস শেষ করে, ফলে বাংলাদেশকে জিততে হলে করতে হবে ২৪৮ রান। রান তাড়ায় নেমে শুরুটা মোটেও স্বস্তির হয়নি টাইগারদের।
দলীয় ২১ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় তারা। তানজিদ হাসান তামিম মাত্র ২ রান করে ফিরে যান, আর নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন।
এরপর ক্রিজে আসেন লিটন দাস। সাইফ হাসানের সঙ্গে জুটি বেঁধে তিনি শুরুর ধাক্কা সামলানোর দায়িত্ব নেন। দুজনে দেখেশুনে খেলতে থাকেন, অতিরিক্ত ঝুঁকি না নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন।
এই জুটির কল্যাণে বাংলাদেশ ধীরে ধীরে স্কোরবোর্ডে রান যোগ করতে থাকে। মাঝে সাইফের একটি ছক্কা এবং লিটনের কিছু নিয়ন্ত্রিত শটে রান আসতে শুরু করে। এই দুই ব্যাটার প্রতিরোধ গড়েন। দুর্দান্ত ব্যাটিংয়ে ৫৯ বলে ফিফটি তুলে নেন সাইফ। ৮ চারের সঙ্গে একটি ছক্কা হাঁকিয়েছেন এই টাইগার ওপেনার।
তবে ফিফটির পর ইনিংস আর বেশি লম্বা করতে পারেননি সাইফ, দলীয় ১১৪ রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। যাওয়ার আগে ৭৬ বলে ৫৭ করেন সাইফ। অপরদিকে সাইফ আউট হলে দলের হাল ধরেছেন লিটন কুমার দাস। ৪১ রানে ব্যাট করছনে তিনি, তাকে উইকেট সঙ্গ দিচ্ছেন চতুর্থ উইকেটে ব্যাট করতে নাম তাওহীদ হৃদয়।