images

স্পোর্টস / ক্রিকেট

ফিল্ডিংয়ে হোঁচট খেলেও টাইগারদের বোলিংয়ে ধুঁকছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক

১৭ এপ্রিল ২০২৬, ০২:০৭ পিএম

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলাররা দাপট দেখালেও ফিল্ডারদের কয়েকটি ভুলে লড়াই চালিয়ে যাচ্ছে সফরকারীরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ড ৩৬ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করেছে। 

শুক্রবার মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। তবে তারুণ্যনির্ভর কিউই ব্যাটিং লাইনআপকে শুরুতেই চাপে ফেলেন শরিফুল ইসলাম। ইনিংসের সপ্তম ওভারে তার খাটো লেংথের বল ড্রাইভ করতে গিয়ে স্টাম্পে টেনে আনেন নিক কেলি, মাত্র ৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। ফলে ২১ রানে প্রথম উইকেট হারায় কিউইরা।

পরের ওভারে শরিফুল আবারও সাফল্য পেতে পারতেন, কিন্তু স্লিপে উইল ইয়ংয়ের দেওয়া সহজ ক্যাচ ফেলে দেন সাইফ হাসান। এই মিসফিল্ডিংয়ের সুযোগ নিয়ে ইয়ং ও হেনরি নিকোলস জুটি গড়ে তোলেন। মাঝে ওভারথ্রো ও মিসফিল্ডিংয়ের কারণে কিউইদের স্কোরবোর্ডও দ্রুত এগোতে থাকে।

২০তম ওভারে নাহিদ রানার বলে নিকোলসের বিপক্ষে এলবিডব্লিউ আবেদন করা হয়েছিল, কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। ২২তম ওভারে কিউইদের রান একশ ছাড়িয়ে যায়। তবে সেই ওভারেই আঘাত হানেন লেগস্পিনার রিশাদ হোসেন। রিভার্স সুইপ খেলতে গিয়ে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইল ইয়ং (৪২ বলে ৩০ রান)। ভেঙে যায় ৭৩ রানের গুরুত্বপূর্ণ জুটি।

২৭তম ওভারে আরও বড় ধাক্কা দেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণি বলে বোল্ড হয়ে যান কিউই অধিনায়ক টম ল্যাথাম (১৪ রান)। অন্য প্রান্তে অবশ্য একাই লড়াই চালিয়ে যাচ্ছিলেন নিকোলস। ৬৫ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।

কিন্তু বড় ইনিংসের পথে থাকা নিকোলসকে বেশিক্ষণ টিকতে দেননি রিশাদ। ৮৩ বলে ৬৮ রানের দারুণ ইনিংস খেলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। এরপর দলের হাল ধরার চেষ্টায় ছিলেন ডেন ফক্সক্রফট আর মোহাম্মদ আব্বাস।

৪৭ বলে তাদের ৩৪ রানের জুটি ভাঙেন শরিফুল ইসলাম। উইকেটের পেছনে লিটনের হাতে ক্যাচ দেওয়ার আগে ৩০ বলে ১৪ রান করেন আব্বাস। বর্তমানে ক্রিজে ডিন ফক্সক্রফট ২২ বলে ২১ রান জশক্লার্কসন ৩ বলে ২ রান করে উইকেটে রয়েছেন।