স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ পিএম
এক মাস বিরতির পর মাঠে নামছে বাংলাদেশ। মিরপুরে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডে। ঘরের মাঠে কিউইদের মোকাবিলা করতে নামছে বাংলাদেশ, যেখানে কাগজে-কলমে এগিয়ে থাকলেও আত্মতুষ্টির সুযোগ নেই একটুও। কারণ সামান্য ভুলই ম্যাচের চিত্র বদলে দিতে পারে। তাই একাদশ নির্বাচন থেকে শুরু করে কৌশল সব কিছুতেই সতর্ক থাকতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
ওপেনিং জুটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা তৈরি হয়েছে। পাকিস্তান সিরিজে ইনিংস শুরু করার দায়িত্ব ছিল তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ওপর। সেই জুটি কি এবারও বহাল থাকবে; এই প্রশ্নই ঘুরছে সবার মনে।
তামিম নিজের জায়গা অনেকটাই নিশ্চিত করে ফেললেও সাইফ হাসান আগের সিরিজে প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে সৌম্য সরকারের দলে ফেরার সম্ভাবনা নিয়ে কিছুটা আলোচনা থাকলেও প্রথম দুই ম্যাচে তার সুযোগ পাওয়া কঠিন বলেই ধারণা করা হচ্ছে।
ব্যাটিং অর্ডারের তিন নম্বরে আগের মতোই থাকবেন নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডারে বড় দায়িত্ব থাকবে লিটন দাসের কাঁধে। তার সঙ্গে থাকবেন তাওহীদ হৃদয় ও আফিফ হোসেন, যারা ম্যাচের গতি বদলে দেওয়ার সামর্থ্য রাখেন।
অলরাউন্ডার হিসেবে দলের নেতৃত্বে থাকবেন মেহেদী হাসান মিরাজ। স্পিন আক্রমণে তার সঙ্গে যোগ দেবেন রিশাদ হোসেন। অন্যদিকে পেস বিভাগে নেতৃত্ব দেবেন মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে থাকবেন তাসকিন আহমেদ ও তরুণ গতি তারকা নাহিদ রানা।
দলীয় কৌশল অনুযায়ী, বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়েই একাদশ সাজাতে পারে। প্রয়োজনে সাইফ হাসান কিংবা নাজমুল শান্তকেও খণ্ডকালীন বোলার হিসেবে ব্যবহার করা হতে পারে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।