images

স্পোর্টস / ফুটবল

২০২৬ বিশ্বকাপ ফাইনালে থাকছে বর্ণাঢ্য হাফটাইম শো

স্পোর্টস ডেস্ক

১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫৬ পিএম

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচে এবার যুক্ত হতে যাচ্ছে এক নতুন মাত্রা। ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালে প্রথমবারের মতো হাফ-টাইম শো আয়োজন করবে ফিফা। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল উৎসব আরও বিনোদনময় হয়ে উঠবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ওয়াশিংটন ডিসিতে সেমাফর ওয়ার্ল্ড ইকোনমি সামিটে এ ঘোষণা দেন। তিনি বলেন, “ইতিহাসে প্রথমবারের মতো ১৯ জুলাই ২০২৬ নিউ ইয়র্ক/নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনালে হাফ-টাইম শো থাকবে। এটি হবে পৃথিবীর সবচেয়ে বড় শো- দারুণ কিছু।”

ইনফান্তিনো জানান, ব্রিটিশ পপ ব্যান্ড কোল্ডপ্লে এবং তাদের ফ্রন্টম্যান ক্রিস মার্টিন এই পারফরম্যান্স কিউরেট করছেন। একাধিক শিল্পী মঞ্চে উঠবেন, তবে এখনই নির্দিষ্ট নাম প্রকাশ করা হয়নি। গ্লোবাল সিটিজেনের সহযোগিতায় এই শো আয়োজিত হবে, যা সুপার বোলের হাফ-টাইম শো-এর মতোই জমকালো হবে বলে আশা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রে আমেরিকান ফুটবলের সুপার বোলে হাফ-টাইম শো খুবই জনপ্রিয়। কিন্তু ফুটবলে ১৫ মিনিটের বিরতিতে এ ধরনের সংগীতানুষ্ঠান খুবই বিরল। অনেক ফুটবলপ্রেমী এতে আপত্তি জানান, কারণ তারা খেলার বিরতিতে শুধু খেলা নিয়েই থাকতে চান।

এর আগে ২০১৭ সালে জার্মান কাপের ফাইনালে পপ গায়িকা হেলেনে ফিশারের পারফরম্যান্স দর্শকদের কাছ থেকে ব্যাপক দুয়োধ্বনি পেয়েছিল। তবে ফিফা প্রধান বিশ্বাস করেন, ২০২৬-এর এই শো এতটাই আকর্ষণীয় হবে যে দর্শকরা উপভোগ করবেন।

ফিফা চায় বিশ্বকাপকে আরও বড় উৎসবে পরিণত করতে। মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের পাশাপাশি নিউইয়র্কের টাইমস স্কয়ারেও বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। ইনফান্তিনো বলেছেন, এটি হবে “বিশ্বকাপের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত এবং বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া ইভেন্টের উপযুক্ত উদযাপন”।

এই হাফ-টাইম শো ফুটবলকে আরও বৈশ্বিক ও বিনোদনময় করে তুলবে কি না, তা সময়ই বলে দেবে। তবে ফিফার এই সিদ্ধান্ত নিয়ে ফুটবলবিশ্বে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।