স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে বাংলাদেশের জন্য প্রতিটি সিরিজ এখন খুবই গুরুত্বপূর্ণ। র্যাঙ্কিংয়ে ভালো অবস্থান ধরে রাখতে হলে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দলকে প্রতিপক্ষের বিপক্ষে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে। এর ব্যতিক্রম নয় আসন্ন নিউজিল্যান্ড সিরিজও।
যদি ঘরের মাঠে কিউইদের হোয়াইটওয়াশ (৩-০) করতে পারে টাইগাররা, তাহলে র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি হবে। এতে বিশ্বকাপের সরাসরি যোগ্যতা অর্জনের সম্ভাবনা আরও উজ্জ্বল হয়ে উঠবে।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম ম্যাচে বেলা ১১টায় (স্থানীয় সময়) প্রথম বল গড়াবে। পুরো সিরিজই হবে ঢাকায় প্রথম দুটি ম্যাচ, আর তৃতীয়টি চট্টগ্রামে।
সিরিজ শুরুর আগে বাংলাদেশের অবস্থান ৯ম স্থানে, রেটিং পয়েন্ট ৭৯। অন্যদিকে নিউজিল্যান্ড রয়েছে দ্বিতীয় স্থানে, তাদের রেটিং পয়েন্ট ১১৪। ৩-০ জয় পেলে বাংলাদেশের রেটিং বেড়ে হবে ৮৫। তখনও ৯ম স্থানেই থাকবে তারা, কিন্তু ৮ম স্থানে থাকা ইংল্যান্ডের (৮৮ পয়েন্ট) সঙ্গে ব্যবধান কমে আসবে মাত্র ৩ পয়েন্টে। ২-১ ব্যবধানে জিতলে রেটিং হবে ৮৩। ১-২ ব্যবধানে হারলে রেটিং নেমে আসবে ৮০-এ।
আর যদি নিউজিল্যান্ড ৩-০ জিতে যায়, তাহলে বাংলাদেশ হারাবে মাত্র ১ পয়েন্ট (৭৮), কিন্তু ৯ম স্থানেই থাকবে। নিউজিল্যান্ডের রেটিং তখন বেড়ে হবে ১১৫।
আগামী বছরের ৩১ মার্চ তারিখে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে চূড়ান্ত হবে সরাসরি বিশ্বকাপে খেলার দলগুলো। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে (র্যাঙ্কিং যাই হোক) সরাসরি খেলবে। বাকি সেরা ৮ দলও সরাসরি সুযোগ পাবে। নামিবিয়া (আরেক স্বাগতিক) আইসিসির পূর্ণ সদস্য না হওয়ায় তাদের বাছাইপর্ব খেলতে হবে।