স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫১ পিএম
নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের ঠিক আগে বাংলাদেশ ক্রিকেট দলে সাকিব আল হাসানের অনুপস্থিতি নিয়ে আলোচনা যেন থামছেই না। তবে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই বিষয়ে একদম স্পষ্ট ও শান্ত অবস্থান নিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, এটা তার একার সিদ্ধান্ত নয়; পুরোপুরি ক্রিকেট বোর্ডের ব্যাপার। আর ড্রেসিংরুমের পরিবেশে এর কোনো নেতিবাচক প্রভাব পড়ছে না বলেও পরিষ্কার করে দিয়েছেন তিনি।
প্রেস কনফারেন্সে মিরাজ বলেন, “এটা শুধু এজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একার সিদ্ধান্ত না। এটা ক্রিকেট বোর্ডের ডিসিশন…সবার একটা ডিসিশনের ব্যাপার আছে।” তিনি আরও যোগ করেন, “এজ এ প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাদের ড্রেসিং রুমে ওই রকম ইমপ্যাক্ট পড়ে না।”
আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জ্বালানি সাশ্রয়ের জন্য ম্যাচ শুরুর সময় সকাল ১১টায় নির্ধারণ করা হয়েছে। এই পরিবর্তন নিয়ে অধিনায়ক খুব একটা চিন্তিত নন। মিরাজ বলেন, “আমরা অনেক দিন প্র্যাকটিস করেছি… আশা করি এটা কোনো বেশি এফেক্ট করবে না।”
মিরাজের নেতৃত্বে দল এখন সামনের দিকে তাকিয়ে আছে। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে লক্ষ্য রেখে ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা তাদের। অধিনায়ক বলেন, “২০২৭ সালের ওয়ার্ল্ড কাপ অবশ্যই একটা প্রসেসের ব্যাপার এবং লং টার্মের ব্যাপার। ওই পর্যন্ত যেতে গেলে প্রসেসটা মেইনটেইন করতে হবে এবং সিরিজ ধরে ধরে ভালো খেলতে হবে।”
সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে তিনি বেশ আশাবাদী। “লাস্ট দুইটা সিরিজে আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এবং প্লেয়াররা অনেক কনফিডেন্ট। প্রত্যেকটা প্লেয়ারই জানে কীভাবে ইমপ্রুভ করতে হবে এবং আমরা সেই অনুযায়ী প্র্যাকটিস করছি।”