স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৬, ০৪:১১ পিএম
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত ফর্মে থাকা বাবর আজম আবারও ইতিহাস গড়লেন। গতকাল করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে পেশোয়ার জালমির হয়ে ব্যাট হাতে ঝলক দেখিয়ে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুত ১০০টি হাফ-সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন।
এই ম্যাচে বাবর অপরাজিত ৭১ রানের একটি শান্ত ও পরিণত ইনিংস খেলেন মাত্র ৫১ বলে, যাতে ছিল ১০টি চার। তার এই দায়িত্বশীল ব্যাটিংয়ের সুবাদে পেশোয়ার জালমি ১৫৫ রানের লক্ষ্য তাড়া করে ৮ উইকেটের বড় জয় পায় মাত্র ৯ বল বাকি থাকতে।
বাবর এই মাইলফলক স্পর্শ করেছেন মাত্র ৩৪১ ইনিংস খেলে। এর আগে ভারতের কিংবদন্তি বিরাট কোহলির রেকর্ড ছিল ৪০১ ইনিংসে। অর্থাৎ, কোহলির চেয়ে ৬০ ইনিংস কম খেলেই বাবর এই অনন্য কীর্তি গড়লেন।
বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ হাফ-সেঞ্চুরি করা বাবর প্রথম পাকিস্তানি ব্যাটার যিনি এই তালিকায় জায়গা করে নিয়েছেন। তার আগে এই কীর্তি গড়েছেন ডেভিড ওয়ার্নার ও জস বাটলার।
ম্যাচে কোয়েটা গ্ল্যাডিয়েটরস ১৫৪ রানে অলআউট হয়। জবাবে পেশোয়ার জালমির ওপেনিং জুটিতে বাবর ও মোহাম্মদ হারিস (৩৫) মিলে ৭৫ রান তুলে দলকে শক্ত ভিত্তি দেন। বাবর কোনো ঝুঁকি না নিয়ে ধীরে ধীরে রান তুলে দলকে নিরাপদে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এবারের পিএসএলে বাবর যেন আগুন ঝরাচ্ছেন। ৬ ম্যাচে তার সংগ্রহ ৩০১ রান, গড় ৭৫.২৫। কয়েকদিন আগেই তিনি ক্রিস গেইল ও বিরাট কোহলিকে পেছনে ফেলে দ্রুততম ১২,০০০ টি-টোয়েন্টি রানের রেকর্ড গড়েন। আর সাম্প্রতিক সময়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে পিএসএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪,০০০ রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি।
পেশোয়ার জালমিও এখন টেবিলের শীর্ষে। ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তারা অপরাজিত থেকে প্লে-অফের দিকে এগিয়ে যাচ্ছে। দ্বিতীয় স্থানে মুলতান সুলতানস (৬ ম্যাচে ৮ পয়েন্ট) এবং তৃতীয় স্থানে ইসলামাবাদ ইউনাইটেড (৬ ম্যাচে ৭ পয়েন্ট)।