images

স্পোর্টস / ক্রিকেট

এবার বিশেষ ‘কার্ড’ সুবিধা নিয়ে আসছে বিসিবি সভাপতি তামিম

ক্রীড়া প্রতিবেদক

১৬ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পিএম

বাংলাদেশ ক্রিকেটের ইতিহাস গড়তে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের অবদানকে স্মরণীয় করে রাখতে এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের পুরুষ ও নারী জাতীয় দলের সাবেক ও বর্তমান সব অধিনায়ককে আজীবন সম্মান জানাতে ‘স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড’ বা ‘লাইফটাইম পাস’ দেওয়া হচ্ছে। এই কার্ডের মাধ্যমে তারা দেশের যেকোনো ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করতে পারবেন।

রাজধানীর একটি অভিজাত হোটেলে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠানে’ এই বিশেষ উপহার ক্রিকেটারদের হাতে তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।

বিসিবির আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে কার্ডের সুবিধা সম্পর্কে বিস্তারিত না জানালেও জানা যায়, এটি মূলত একটি আজীবন এন্ট্রি পাস। এই কার্ড দেখিয়ে অধিনায়করা দেশের যেকোনো স্টেডিয়ামে যেকোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ পাবেন। এটি তাদের দীর্ঘদিনের অবদানের প্রতি বিসিবির একটি স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।

এতদিন সাবেক অধিনায়কদেরকে ম্যাচ দেখতে টিকেট দেওয়া হতো। কিন্তু এবার তাদের সম্মান দেখাতে সাধারণ দর্শকদের মতো টিকেটের পরিবর্তে এই বিশেষ প্রিভিলেজ কার্ড দেওয়া হচ্ছে। যেকোনো অধিনায়ক, যিনি অন্তত একটি আন্তর্জাতিক ম্যাচেও বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন, তিনিই এই কার্ড পাবেন।

জানা যায়, বিসিবি সভাপতি তামিম ইকবাল নিজেই প্রাথমিকভাবে অধিনায়কদের ফোন করে অনুষ্ঠানের বিষয়ে জানিয়েছেন। পরে বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।