স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম
ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকস জানিয়েছেন, মুখে বল লাগার ঘটনার পর নিজেকে “ভাগ্যবান” মনে করছেন তিনি। গত ফেব্রুয়ারিতে ডারহামে একাডেমি ক্রিকেটারদের কোচিং করানোর সময় নেটে ব্যাটিং করতে গিয়ে সরাসরি মুখে বল লাগে স্টোকসের। এতে তার গালের হাড় (চিকবোন) ভেঙে যায় এবং অস্ত্রোপচার করতে হয়।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে দেওয়া সাক্ষাৎকারে ৩৪ বছর বয়সী এই অলরাউন্ডার বলেন, “বলটা সরাসরি মুখে এসে লাগে। অবস্থা খারাপ ছিল, তবে খারাপ পরিস্থিতির মধ্যে এটাকে ভালো ফলই বলতে হবে। কয়েক ইঞ্চি এদিক-ওদিক হলে হয়তো আজ আমি এখানে বসে কথা বলতে পারতাম না, আমি যদি মাথাটা না ঘুরাতাম।”
তিনি আরও বলেন, “সবকিছু বিবেচনায় আমি আসলে ভাগ্যবান। বড় ধরনের মুখের অস্ত্রোপচার করতে হয়েছে, ভিতরে অবস্থা খুব খারাপ ছিল। তবুও শেষ পর্যন্ত ভালোভাবেই বেরিয়ে এসেছি, এ জন্য কৃতজ্ঞ।”

এই চোটের কারণে তার মৌসুমের শুরুটা পিছিয়ে যায় প্রায় এক মাস। তবে দ্রুত নতুন পরিকল্পনা করে আবার মাঠে ফেরার প্রস্তুতি নিয়েছেন তিনি। স্টোকস বলেন, “প্রায় এক মাস বা পাঁচ সপ্তাহ পিছিয়ে গিয়েছিলাম। তবে আবার নতুন করে পরিকল্পনা করে এগোতে হয়েছে, যাতে টেস্ট মৌসুমের আগে ডারহামের হয়ে কয়েকটি ম্যাচ খেলতে পারি।”
সবকিছু ঠিক থাকলে আগামী জুনে লর্ডসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন স্টোকস, যেখানে তিনি ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন।