images

স্পোর্টস / ফুটবল

ফিফাকে গণপরিবহন খরচ দেওয়ার দাবি মার্কিন আইনপ্রণেতার

স্পোর্টস ডেস্ক

১৫ এপ্রিল ২০২৬, ০২:২৪ পিএম

আসন্ন বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে নিউ জার্সি এবং নিউ ইয়র্ক এলাকায় গণপরিবহনের ভাড়া কয়েক গুণ বাড়ানোর পরিকল্পনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন সিনেটর চাক শুমার। তিনি ফিফাকে এই বাড়তি যাতায়াত খরচ বহন করার দাবি জানিয়েছেন।

মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট এই নেতা বলেন, ফিফা এই টুর্নামেন্ট থেকে প্রায় ১১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তাই হোস্ট সিটি বা আয়োজক শহরগুলোর যাতায়াত খরচ তাদেরই দেওয়া উচিত।

'দ্য অ্যাথলেটিক'-এর একটি প্রতিবেদন থেকে জানা গেছে, বিশ্বকাপের সময় ম্যানহাটনের পেন স্টেশন থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম পর্যন্ত ট্রেনের টিকিটের দাম ১০০ ডলারের বেশি নির্ধারণ করার পরিকল্পনা করছে নিউ জার্সি ট্রানজিট। অথচ বর্তমানে এই যাতায়াতের রিটার্ন টিকিটের দাম মাত্র ১২.৯০ ডলার।

চাক শুমার এই দাম বাড়ানোর তীব্র নিন্দা জানিয়ে বলেন, "ফিফা যেখানে এই বিশ্বকাপ থেকে ১১ বিলিয়ন ডলার হাতিয়ে নিতে যাচ্ছে, সেখানে নিউ ইয়র্ক এলাকার সাধারণ যাত্রী ও বাসিন্দাদের ওপর এই বিল চাপিয়ে দেওয়া হচ্ছে। ফিফার উচিত আয়োজক শহর ও অঙ্গরাজ্যগুলোর পরিবহন খরচ মিটিয়ে দেওয়া। ১১ বিলিয়ন ডলারের মুনাফার জন্য নিউ ইয়র্কবাসীরা কেন ভতুর্কি দেবে?"

নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুলও এই ভাড়া বৃদ্ধির পরিকল্পনার সমালোচনা করেছেন। তিনি বলেন, "বিশ্বকাপ যতটা সম্ভব সাশ্রয়ী এবং সহজলভ্য হওয়া উচিত। সামান্য দূরত্বের এই ট্রেন ভ্রমণের জন্য ১০০ ডলারের বেশি চার্জ করাটা আমার কাছে অত্যন্ত বেশি মনে হচ্ছে।"

নিউ জার্সি ট্রানজিটের একজন মুখপাত্র জানিয়েছেন যে, বিশ্বকাপের টিকিটের দাম এখনো চূড়ান্ত হয়নি এবং এই সংক্রান্ত যে কোনো অংকই আপাতত অনুমাননির্ভর। তবে একটি সূত্র জানিয়েছে, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনালসহ মোট আটটি ম্যাচের পরিবহন সেবা নিশ্চিত করতে সংস্থাটির প্রায় ৪৮ মিলিয়ন ডলার ব্যয় হতে পারে।

নিউ জার্সির স্থানীয় প্রতিনিধি মিকি শেরিল সাফ জানিয়ে দিয়েছেন যে, তারা স্থানীয় করদাতাদের পকেট থেকে এই খরচ মেটাবেন না।বোস্টনেও একই চিত্র, ভাড়া বাড়ানোর এই সমস্যা কেবল নিউ জার্সিতেই সীমাবদ্ধ নয়। বোস্টনের ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি নিশ্চিত করেছে যে, শহর থেকে জিলেট স্টেডিয়াম পর্যন্ত রিটার্ন টিকিটের দাম ২০ ডলার থেকে বাড়িয়ে ৮০ ডলার করার পরিকল্পনা করা হয়েছে।