images

স্পোর্টস / ফুটবল

নেইমারের জায়গা নিয়ে ব্রাজিল প্রেসিডেন্ট-আনচেলত্তির আলাপ, যা জানা গেল

স্পোর্টস ডেস্ক

১৫ এপ্রিল ২০২৬, ০১:৪০ পিএম

ব্রাজিল ফুটবলের সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়রের জাতীয় দলে ফেরার বিষয়টি এখন আর শুধু মাঠ বা সমর্থকদের আলোচনায় সীমাবদ্ধ নেই। এটি পৌঁছে গেছে দেশের সর্বোচ্চ পর্যায়ে; প্রেসিডেন্টের দরবার পর্যন্ত। কোচ কার্লো আনচেলত্তি নিজে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে পরামর্শ চেয়েছেন- ২০২৬ বিশ্বকাপে নেইমারকে দলে নেওয়া উচিত কি না?

২০২৩ সালের অক্টোবর থেকে চোট ও ফিটনেসের কারণে নেইমার ব্রাজিল জাতীয় দলের বাইরে। গত প্রায় তিন বছর ধরে তিনি সেলেসাঁওয়ের জার্সি গায়ে নামতে পারেননি। এর মধ্যে আনচেলত্তির অধীনে মার্চের প্রীতি ম্যাচগুলোতেও তাকে রাখা হয়নি। ফলে সমর্থকদের মনে প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত আসন্ন বিশ্বকাপে কি নেইমারের জায়গা হবে না?

তবে সান্তোসের হয়ে সাম্প্রতিক পারফরম্যান্স নতুন করে আশা জাগিয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) কোপা সুদামেরিকানায় প্যারাগুয়ের ক্লাব ডেপোর্তিভো রেকোলেতার বিপক্ষে ম্যাচের মাত্র ৪ মিনিটে গোল করে নেইমার দলকে এগিয়ে দেন। ম্যাচটি শেষ হয় ১-১ গোলে ড্রয়ে। এটি ছিল তার কোপা সুদামেরিকানায় প্রথম গোল। এই পারফরম্যান্সের পর আবারও শুরু হয়েছে বিতর্ক. নেইমার কি এখনও বিশ্বকাপের যোগ্য?

সম্প্রতি ‘ব্রাজিল ২৪৭’সহ কয়েকটি মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট লুলা জানান, আনচেলত্তি তার সঙ্গে কথা বলার সময় সরাসরি জিজ্ঞেস করেছিলেন, “আপনার কি মনে হয় নেইমারকে দলে ডাকা উচিত?”

লুলা উত্তরে বলেন, “দেখুন আনচেলত্তি, যদি সে শারীরিকভাবে পুরোপুরি ফিট থাকে, তাহলে তার ফুটবল খেলার সামর্থ্য আছে। কিন্তু আমি জানতে চাই, সে আসলে এটা মন থেকে চায় কি না? যদি চায়, তাহলে তাকে শতভাগ পেশাদার হতে হবে। সে রোনালদো বা লিওনেল মেসির দিকে তাকাতে পারে। তারা যেভাবে নিজেদের ধরে রেখেছে, সেও সেভাবে চালিয়ে যেতে পারে। তার বয়স এখনও খুব বেশি হয়নি।”

প্রেসিডেন্ট আরও জোর দিয়ে বলেন, “শুধু নামের জোরে বা পুরোনো খ্যাতির ভিত্তিতে কাউকে দলে নেওয়া যাবে না। মাঠে বর্তমান পারফরম্যান্সই হবে একমাত্র মাপকাঠি।”

ব্রাজিলের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হতে পারে আগামী ১৮ মে। তার আগে নেইমারকে নিয়মিত ম্যাচ খেলতে হবে এবং ছন্দ ধরে রাখতে হবে। চোট থেকে সেরে উঠে সান্তোসে ভালো খেলা শুরু করলেও, জাতীয় দলে ফেরার পথ এখনও কঠিন। আনচেলত্তি বারবার বলেছেন, দলে জায়গা পেতে হলে খেলোয়াড়দের বর্তমান ফর্ম ও ফিটনেসই গুরুত্বপূর্ণ। পুরোনো নাম নয়।