স্পোর্টস ডেস্ক
১৫ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে বড় আসর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে একই রাতে হতাশাজনক বিদায় ঘটেছে দুই ঐতিহ্যবাহী ক্লাব বার্সেলোনা ও লিভারপুলের। ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি) এবং স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের সামনে ছিল কঠিন চ্যালেঞ্জ। প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা অল রেডরা শুরুতে আক্রমণাত্মক ফুটবল খেলার চেষ্টা করলেও বড় ধাক্কা খায়। হুগো একিতিকে চোট পেয়ে মাঠ ছাড়লে পরিবর্তে মোহাম্মদ সালাহ নামেন। আক্রমণের ধার বাড়লেও গোলের দেখা মেলেনি।
বিরতির পর ডাচ ফরোয়ার্ড কোডি গাকপো সুবর্ণ সুযোগ নষ্ট করেন। ভিএআরের সিদ্ধান্তে একটি পেনাল্টিও বাতিল হয়। ম্যাচ গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই ৭২ মিনিটে পিএসজিকে এগিয়ে দেন উসমান দেম্বেলে। তার দারুণ শটে অ্যানফিল্ড স্তব্ধ হয়ে যায়। ম্যাচের শেষ মুহূর্তে দেম্বেলে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান। ফলে ফিরতি লেগে ২-০ এবং দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
অন্যদিকে স্পেনের মেত্রোপলিতানো স্টেডিয়ামে আরেক রোমাঞ্চকর লড়াই দেখা গেছে। প্রথম লেগে ২-০ গোলে পিছিয়ে থাকা বার্সেলোনা ইতিহাসের সবচেয়ে তরুণ একাদশ নিয়ে মাঠে নামে। ম্যাচের মাত্র ৪ মিনিটে লামিনে ইয়ামালের গোলে এগিয়ে যায় কাতালানরা। ২৪ মিনিটে দানি ওলমোর অ্যাসিস্টে ফেররান তোরেস গোল করলে দুই লেগ মিলিয়ে স্কোর ২-২ সমতায় ফেরে। গ্যালারিতে তখন ফিরে আসার স্বপ্ন জেগে উঠেছিল।
কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩১ মিনিটে মার্কোস ইয়োরেন্তের পাস থেকে নাইজেরিয়ান ফরোয়ার্ড আদেমোলা লুকমান গোল করে অ্যাতলেতিকোকে এগিয়ে দেন। বিরতির পর ফেররান তোরেস আরেকটি গোল করলেও ভিএআরে অফসাইডের সিদ্ধান্তে তা বাতিল হয়। শেষ দিকে এরিক গার্সিয়া লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণত হয় বার্সা।
লেভানদোভস্কি ও রাশফোর্ড বদলি হিসেবে নেমেও রক্ষণ ভাঙতে পারেননি। ফিরতি লেগে ২-১ জিতলেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় হান্সি ফ্লিকের দল। এর ফলে দীর্ঘ ৯ বছর পর সেমিফাইনালে পৌঁছেছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ।
পিএসজি সেমিফাইনালে লড়বে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের মধ্যকার বিজয়ীর বিপক্ষে। অ্যাতলেতিকোর প্রতিপক্ষ নির্ধারিত হবে বাকি ম্যাচের ফলাফলে।