images

স্পোর্টস / ক্রিকেট

বিশ্বকাপের সেরা স্যামসনই মার্চের সেরা

স্পোর্টস ডেস্ক

১৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মার্চ মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। পুরুষদের বিভাগে ভারতের ওপেনার সাঞ্জু স্যামসন এবং নারীদের বিভাগে নিউজিল্যান্ডের অধিনায়ক ও অলরাউন্ডার অ্যামেলিয়া কার (মেলি কার) এই সম্মান অর্জন করেছেন।

স্যামসন জাসপ্রিত বুমরাহ ও দক্ষিণ আফ্রিকার কনর এস্তেহেইজেনকে পেছনে ফেলে পুরস্কার জিতেছেন। অন্যদিকে কার অস্ট্রেলিয়ার বেথ মুনি ও দক্ষিণ আফ্রিকার পেসার আয়াবঙ্গা খাকাকে হারিয়ে সেরা হয়েছেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের শিরোপা ধরে রাখার পেছনে সাঞ্জু স্যামসনের ভূমিকা ছিল অসাধারণ। টুর্নামেন্টের শুরুর দিকে দলে জায়গা না পেলেও শেষের দিকে সুযোগ পেয়েই তিনি আগুন ঝরান। সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে সেমিফাইনালে তুলতে বড় অবদান রাখেন।

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৯ রান এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও ৮৯ রানের ইনিংস খেলেন তিনি। পুরো আসরে মাত্র পাঁচ ইনিংসে ৩২১ রান করে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেন স্যামসন এবং সেরা একাদশেও জায়গা করে নেন। তার এই ধারাবাহিকতা তাকে আইসিসির মাসসেরা পুরস্কার এনে দিয়েছে।

নিউজিল্যান্ডের অধিনায়ক অ্যামেলিয়া কার মার্চ মাসে ব্যাট ও বল দুই বিভাগেই ছিলেন অপ্রতিরোধ্য। চারটি একদিনের ম্যাচে ১৭৬ রানের পাশাপাশি লেগ স্পিনে ১৮ উইকেট তুলে নেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে হোয়াইটওয়াশ করতে সাহায্য করেন এবং সিরিজ সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

টি-টোয়েন্টি ফরম্যাটেও তার জ্বলজ্বলে পারফরম্যান্স অব্যাহত ছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ২৭৬ রান করার পাশাপাশি ছয় উইকেট নেন কার। ব্যাটিংয়ে আক্রমণাত্মক স্ট্রাইক রেট এবং বল হাতে নিয়ন্ত্রিত বোলিং—দুইয়ের সমন্বয়ে তিনি নিজেকে প্রমাণ করেছেন অলরাউন্ডার হিসেবে।

সাঞ্জু স্যামসনের বিশ্বকাপ নায়কোচিত পারফরম্যান্স এখন আইসিসির স্বীকৃতিতে আরও উজ্জ্বল হয়েছে। অন্যদিকে অ্যামেলিয়া কারের ধারাবাহিক অলরাউন্ড দক্ষতা নিউজিল্যান্ড ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে।