ক্রীড়া প্রতিবেদক
১৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পিএম
দীর্ঘ অনিশ্চয়তা আর অচলাবস্থার পর অবশেষে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ফিরছে মাঠে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, আগামী ১৮ ও ১৯ এপ্রিল সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়াম সংলগ্ন সিসিডিএম অফিসে খেলোয়াড় দলবদলের আয়োজন করা হবে।
এবারও লিগ হচ্ছে ১২টি দল নিয়ে। রেলিগেশন ইস্যু নিয়ে কয়েকটি ক্লাবের বয়কটের গুঞ্জন থাকলেও সেই শঙ্কা কেটে গেছে। অংশগ্রহণকারী দলগুলো হলো: আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, গাজী গ্রুপ ক্রিকেটার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, বসুন্ধরা স্ট্রাইকার্স (ধানমন্ডি স্পোর্টস ক্লাব), রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, সিটি ক্লাব, ঢাকা লেওপার্ডস
বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডকে বয়কট করেছিল অনেক ক্লাব। ফলে প্রথম বিভাগ লিগে ২০ দলের জায়গায় মাত্র ১২টি দল খেলতে নামে। প্রিমিয়ার লিগের আয়োজনও থমকে যায়। বোর্ডের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট পদক্ষেপ না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
তবে তামিম ইকবালের নেতৃত্বে নতুন অ্যাডহক কমিটি দায়িত্ব নেওয়ার পর চিত্র পাল্টে যায় দ্রুত। দায়িত্ব নেওয়ার মাত্র দুই দিনের মাথায় গত ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় মিরপুরে সিসিডিএম ও ক্লাব প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ সভা হয়। তামিম ইকবাল নিজেও উপস্থিত ছিলেন সেখানে।
১২টি ক্লাবের মধ্যে ১০টির প্রতিনিধি সরাসরি অংশ নেন। লিজেন্ডস অব রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের প্রতিনিধিরা উপস্থিত থাকতে না পারলেও সভার সব সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন বলে জানা গেছে। সেই সভার মাত্র তিন দিন পরই এল দলবদলের আনুষ্ঠানিক ঘোষণা।