স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পিএম
স্পেনের ফুটবল দুনিয়ায় আবারও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চতুর্থ স্তরের (সেগুন্দা ফেডারেশন) ক্লাব সিডি কোলোনিয়া মোসকার্দোর প্রেসিডেন্ট জাভি পুভিস (বা বোভিস) একটি ভিডিওতে মুসলিম খেলোয়াড়দের পেছনে শূকরের মাংস (ইবেরিয়ান পর্ক) নিয়ে ছুটতে দেখা গেছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। অনেকে এটিকে “বর্ণবাদী ও অপমানজনক” বলে অভিহিত করেছেন।
ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট প্রথমে আসন্ন ম্যাচের জন্য উপহার হিসেবে ইবেরিয়ান পর্কের প্রচার করেন। তারপরই তিনি মুসলিম খেলোয়াড়দের পেছনে ছুটতে থাকেন এবং চিৎকার করে বলতে থাকেন, “পর্ক খাও! পর্ক খাও!”
প্রেসিডেন্ট পরে দাবি করেন যে, এটি ছিল শুধুমাত্র “মজার জন্য” করা একটি রসিকতা। কিন্তু ভক্ত, মিডিয়া ও সাধারণ মানুষ এই ব্যাখ্যা মেনে নেননি। অনেকে বলেছেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত করা এবং মানবিক মূল্যবোধের সীমা অতিক্রম করা হয়েছে।
জাভি পুভিস (৩৯) আগেও বেশ কয়েকটি বিতর্কিত কাজের জন্য খবরে এসেছেন। ২০১৯ সালে তিনি আরেকটি ক্লাবের নাম রেখেছিলেন “ফ্ল্যাট আর্থ ক্লাব” (সমতল পৃথিবী ক্লাব)। করোনাভাইরাসের টিকা নিয়ে তিনি খোলাখুলি বিরোধিতা করেছেন। একবার ম্যাচের পর রেফারিকে উদ্দেশ করে বলেছিলেন, “তুমি মাত্র ৩০০ ইউরোর জন্য এসেছ? আমি তোমাকে তিন গুণ বেশি টাকা দিব!” এজন্য তিনি দুই বছরের নিষেধাজ্ঞা ও জরিমানা পেয়েছিলেন (পরে আদালত তা বাতিল করে)।
সমালোচনার চাপে গত ১ এপ্রিল তিনি ক্লাব প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করেন। তবে তিনি এখনও ক্লাবের বোর্ড অব ডিরেক্টরসে রয়েছেন।
পদত্যাগের বিদায়ী ভিডিওতে তিনি বলেন, “আমি ফুটবল ছেড়ে দিয়ে নতুন জীবন শুরু করব। আমি এখন একজন রাখাল হব, টমেটো চাষ করব এবং ভেড়া পালন করব। যারা আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ।”
ঘটনাটি নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশন এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়ছে দাবি যে, এ ধরনের বর্ণবাদী আচরণের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।
উল্লেখ্য, স্পেনের ফুটবলে ইতিমধ্যেই গত কয়েক সপ্তাহে একাধিক বর্ণবাদী ঘটনা ঘটেছে। এই নতুন ঘটনায় দেশটির ফুটবল সম্প্রদায়ের উপর সমালোচনা আরও তীব্র হয়েছে।