স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ১০:৩৬ এএম
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ সামনে রেখে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে বাভারিয়া সফরের আগে দলটির প্রস্তুতি মোটেও আশানুরূপ হচ্ছে না।
আলভারো আরবেলোয়ার শিষ্যরা গত শুক্রবার জিরোনার বিপক্ষে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে, যা লা লিগার শিরোপা দৌড় থেকে তাদের প্রায় ছিটকে দিয়েছে। এই হোঁচটের পাশাপাশি নতুন দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে কিলিয়ান এমবাপের চোখের ইনজুরি। বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে ম্যাচ চলাকালীনই তিনি এই চোট পান।
রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইনজুরির কারণে গত রবিবারের অনুশীলনে অংশ নিতে পারেননি এমবাপে। ক্লাব কর্তৃপক্ষের মতে, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই তাকে বিশ্রামে রাখা হয়েছে। এক বিবৃতিতে ক্লাব জানিয়েছে, "জিরোনার বিপক্ষে ম্যাচের পর এমবাপের ডান ভ্রুতে সেলাই দিতে হয়েছে। অস্বস্তি বোধ করায় এবং বাড়তি সতর্কতার অংশ হিসেবে তিনি মাঠে নামেননি।"
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রিয়াল মাদ্রিদকে জার্মানির বিমানে চড়তে হবে। ক্লাবের আশা, ফ্লাইটের আগেই এমবাপে অনুশীলনে ফিরতে পারবেন, যা অ্যালিয়াঞ্জ অ্যারেনায় মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে তার শতভাগ ফিট হয়ে মাঠে নামার সম্ভাবনা বাড়িয়ে দেবে।
প্রথম লেগের ম্যাচে এমবাপের করা গোলটিই রিয়াল মাদ্রিদকে লড়াইয়ে টিকিয়ে রেখেছিল। তাই বুধবারের ফিরতি ম্যাচে তাকে শুরুর একাদশে পেতে মরিয়া আরবেলোয়া। হাঁটুর ইনজুরি থেকে ফেরার পর এমবাপে এখনো তার সেরা ছন্দে না ফিরলেও, যে কোনো মুহূর্তে তিনি প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখেন।
পরবর্তী এক-দুই দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে এমবাপে অনুশীলনে ফিরতে পারছেন কি না। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ বিষয়টি নিয়ে শান্ত থাকলেও, যদি চোখের সমস্যা দূর না হয় তবে মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দলে স্নায়ুচাপ বাড়তে পারে।