স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ এএম
২০২৪ সালের গ্রীষ্মে ফুটবল থেকে অবসর নেওয়ার পর সান্তিয়াগো বার্নাব্যুতে এক বিশাল শূন্যতা তৈরি করে গেছেন টনি ক্রুস। কেবল মাঠের খেলায় নয়, নেতৃত্ব এবং ব্যক্তিত্বের দিক থেকেও তার অভাব বোধ করছে ক্লাবটি। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর প্রতিবেদন অনুযায়ী, রিয়াল মাদ্রিদ এখন চাইছে জার্মান এই মিডফিল্ডারকে আবার ক্লাবে ফেরাতে, তাদের প্রতিদিনের কার্যক্রমে ক্রুসকে আবারও যুক্ত করতে।
ক্রুসের অবসরের পর রিয়ালের মিডফিল্ডে ভরসা করার করার মতো কোনো মিডফিল্ডার এখনো পায়নি ক্লাবটি। ম্যানচেস্টার সিটি থেকে রদ্রিকে কেনার গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে সেটি এখনো নিশ্চিত নয়। এরই মাঝে আবার ক্রুসকে ক্লাবে ফেরানোর উদ্যোগের কথা শোনা যাচ্ছে।
তবে এটি খেলোয়াড় হিসেবে ফেরার প্রস্তাব নয়; বরং ক্লাবের কৌশলগত কোনো ভূমিকায় তাকে চাইছে কর্তৃপক্ষ, যাতে তার অভিজ্ঞতা এবং স্কোয়াড সম্পর্কে স্বচ্ছ ধারণাকে কাজে লাগানো যায়। রিয়াল মাদ্রিদ অভ্যন্তরীণভাবে বিশ্বাস করে যে, ক্রুস ড্রেসিংরুম এবং ক্লাবের কর্মকর্তাদের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারবেন এবং প্রাতিষ্ঠানিক পর্যায়ে ক্লাবের আদর্শের প্রতিনিধিত্ব করবেন।
যদিও তার নির্দিষ্ট দায়িত্বগুলো এখনো চূড়ান্ত হয়নি, তবে ক্লাব কর্তৃপক্ষ তার ফিরে আসাকে একটি স্বাভাবিক প্রক্রিয়া হিসেবেই দেখছে। তার পেশাদারিত্ব, ক্যারিয়ার পরিচালনার ধরণ এবং সাফল্যের চূড়ায় থাকা অবস্থায় অবসরের সিদ্ধান্ত- সব মিলিয়ে ক্লাবের ভেতর তার সম্মান কয়েক গুণ বেড়ে গেছে।
ক্রুস বর্তমানে মাদ্রিদেই সপরিবারে বসবাস করছেন, তাই প্রস্তাবটি গ্রহণ করলে তার জীবনযাত্রায় খুব একটা বড় পরিবর্তনের প্রয়োজন হবে না। পেশাদার ফুটবল থেকে দূরে সরার পর থেকেই এই জার্মান তারকা ফুটবলের সাথে নিবিড় যোগাযোগ বজায় রেখেছেন। তাকে প্রায়ই বার্নাব্যুর গ্যালারিতে ম্যাচ উপভোগ করতে দেখা যায় এবং নিয়মিত দলের খোঁজখবরও রাখেন তিনি।
অবসর পরবর্তী সময়ে ক্রুস তার ব্যক্তিগত প্রজেক্টগুলো নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন। এর মধ্যে অন্যতম হলো আঞ্চলিক ফুটবল ফেডারেশনের সহায়তায় বোয়াদিল্লা দেল মন্তে-তে ‘টনি ক্রুস একাডেমি’র যাত্রা শুরু করা। এই উদ্যোগের মাধ্যমে তিনি সরাসরি তরুণ ফুটবলারদের সাথে কাজ করার এবং তাদের প্রতিভা বিকাশে ভূমিকা রাখার সুযোগ পাচ্ছেন।
এছাড়া তিনি জার্মানিতে শুরু হওয়া ‘আইকনস লিগ’-এর সাথেও সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং মাঝেমধ্যে শখের বশে মাঠেও নেমে পড়ছেন। ফুটবলে তার মতামতের গুরুত্ব এখনো অপরিসীম। বায়ার্নের বিপক্ষে সাম্প্রতিক ম্যাচের পর নিজের পডকাস্টে শান্ত ভঙ্গিতে বিশ্লেষণ করে তিনি বলেন, "যা ঘটেছে তাতে আমি অবাক হইনি। বায়ার্ন খুব ভালো খেলেছে, তবে ২-০ তে এগিয়ে যাওয়ার পর তাদের মানসিক দৃঢ়তা ছিল চোখে পড়ার মতো।"
রিয়াল মাদ্রিদ এখন আশা করছে, তাদের অন্যতম এই সম্মানিত ব্যক্তিত্ব নতুন কোনো ভূমিকায় আনুষ্ঠানিকভাবে ক্লাবে ফিরে আসবেন এবং তার সেই প্রভাব আবারও দলের উপকারে আসবে।