স্পোর্টস ডেস্ক
১৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ এএম
ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই। রোববার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। চরম ক্লান্তি ও বুকে সংক্রমণের কারণে শনিবার সন্ধ্যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বলে জানা গেছে। তার প্রয়াণে শেষ হলো আট দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত এক অবিশ্বাস্য সংগীতযাত্রা।
প্লেব্যাক গানের বাইরে ভিন্নধর্মী কাজ ও আন্তর্জাতিক সহযোগিতার জন্যও পরিচিত ছিলেন আশা ভোঁসলে। ক্রিকেট সমর্থকদের কাছেও ভিন্ন এক কারণে বেশ জনপ্রিয় ছিলেন ভারতের কিংবদন্তি এই সংগীতশিল্পী। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লির সঙ্গে জুটি বেঁধে একটি গান করেছিলেন তিনি। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সাবেক পেসার ব্রেট লির সঙ্গে তার গাওয়া ডুয়েট গান ‘You’re the One for Me’ ব্যাপক জনপ্রিয়তা পায়।
‘আশা অ্যান্ড ফ্রেন্ডস’ অ্যালবামের এই গানটিতে ব্রেট লি-ও গেয়েছিলেন হিন্দি লাইন, “হাঁ, মেঁ তুমহারা হুঁ, তুমহারা হি রহুঙ্গা।” গানটি প্রকাশের পর তরুণ থেকে বয়স্ক- সব শ্রোতার কাছেই দারুণ সাড়া ফেলে।
পরবর্তীতে লি নিজের আত্মজীবনীতে এই গানের পেছনের গল্প নিয়ে স্মৃতিচারণ করেন। তিনি লিখেছিলেন, “তার সঙ্গে কাজ করে দারুণ সময় কেটেছে। আমি ঠিক কী করছি, সেটা খুব একটা বুঝিনি, কিন্তু ভীষণ মজা পেয়েছি।”
গানটির মিউজিক ভিডিও ধারণ করা হয় ২০০৬ সালে, যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতে এসেছিলেন লি। মজার ব্যাপার, শুটিংয়ের কথা তিনি সতীর্থদের বলেননি, শহর ঘুরতে যাচ্ছেন বলে বেরিয়ে পড়েছিলেন। লি লিখেছেন, ‘খুব মজা করেছিলাম। শুটিংয়ে যাওয়ার সময় আমার কোনো সতীর্থকেই বলিনি যে আমি কী করছি। তাদের বলেছিলাম, শহরের রাস্তাঘাট ঘুরে দেখতে যাচ্ছি। সেই দ্রুত লয়ের রেকর্ডিং–অভিজ্ঞতার চার মাস পর সিডনি অপেরা হাউসে এক অনুষ্ঠানে আশার সঙ্গে আমার দেখা হয়। তিনি আমাকে তাঁর একটি সংকলিত অ্যালবামে ব্যক্তিগত বার্তা লিখে উপহার দিয়েছিলেন। এটি চিরকাল আমার অমূল্য সম্পদ হয়ে থাকবে।’
অজি এই সাবেক পেসার নিজের বইয়ে লিখেছেন, ‘আমাকে প্রমাণ করতে হয়েছিল যে আমি গাইতে পারি। দলের হোটেলের একটি কক্ষে কয়েকটি গান গেয়ে আমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হই। শমীর (ট্যান্ডন) ফলাফলে খুশি ছিলেন। আমাকে জানানো হয়, সংকলনের জন্য একটি গান বেছে নেওয়া হবে...শুধু একটি বিষয় আমার বদলানোর ছিল।’
সংগীতজীবনে চলচ্চিত্রের গণ্ডি ছাড়িয়ে স্বাধীন অ্যালবাম ও ভিন্ন ধারার সংগীতেও দারুণ সফল ছিলেন আশা ভোঁসলে। গুলজার ও আর. ডি. বর্মনের সঙ্গে ‘দিল পাড়োসি হ্যায়’, লেসলি লুইসের সঙ্গে ‘জানাম সামঝা করো’, এবং আদনান সামির সঙ্গে অ্যালবামগুলো ছিল উল্লেখযোগ্য।
এছাড়া আলি আকবর খানের সঙ্গে ‘লেগ্যাসি’ অ্যালবামের জন্য গ্র্যামি জিতেছিলেন তিনি। আর ‘You’ve Stolen My Heart: Songs from RD Burman’s Bollywood’ অ্যালবামের জন্য পান আরেকটি গ্র্যামি মনোনয়ন।
নিজেই সুরকার হিসেবেও কাজ করেছেন, ২০০২ সালে ‘আপ কি আশা’ অ্যালবামের সঙ্গীত পরিচালনা করেন। সংগীতজীবনে তিনি কাজ করেছেন সঞ্জয় দত্ত, উর্মিলা মাতোন্ডকারসহ নানা অঙ্গনের শিল্পীদের সঙ্গে। আশা ভোঁসলের মৃত্যুতে ভারতীয় সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার কণ্ঠ, তার সুর- প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকবে।