images

স্পোর্টস / ক্রিকেট

মোবাইল চালিয়ে মোদির সন্দেহের তালিকায় ম্যানেজার

স্পোর্টস ডেস্ক

১২ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পিএম

রাজস্থান রয়্যালসের মাঠের আধিপত্য এবার আইপিএলকে এক নতুন মাত্রা দিয়েছে। অল্প কয়েক ম্যাচেই তারা অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে। তবে দলের দুর্দান্ত পারফরম্যান্সের আড়ালে একটি বিতর্কিত ঘটনা এখন সবার নজর কেড়েছে। রাজস্থানের টিম ম্যানেজার রোমি ভিন্দার ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করায় আইপিএলের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে।

গত শুক্রবার গুয়াহাটির এসি এ স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে রাজস্থানের ব্যাটিংয়ে ঝড় তুলেছিলেন তরুণ তারকা বৈভব সূর্যবংশী। মাত্র ২৬ বলে ৭৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে তিনি দলকে চেজের শুরুতেই মোমেন্টাম এনে দেন। তারপর ধ্রুব জুরেলের অপরাজিত ৮১ রানের সুবাদে রাজস্থান ২০২ রানের লক্ষ্য ১৮ ওভারেই ৬ উইকেট হাতে রেখে পেরিয়ে যায়। 

বেঙ্গালুরু আগে ব্যাট করে ৮ উইকেটে ২০১ রান তুলেছিল। ম্যাচটি এক ঘণ্টা দেরিতে শুরু হলেও পুরো ২০ ওভার খেলা সম্ভব হয়। এই জয়ে রাজস্থান চার ম্যাচে চার জয় নিয়ে ৮ পয়েন্টে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে।

ম্যাচ চলাকালীন রাজস্থানের ইনিংসের সময় ডাগআউটে বসে রোমি ভিন্দার মোবাইল ফোন ব্যবহার করছিলেন বলে একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, তার পাশে বসা বৈভব সূর্যবংশীও সেই স্ক্রিনের দিকে তাকাচ্ছেন। আইপিএলের প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিশিয়াল এরিয়া (পিএমওএ) প্রোটোকল অনুসারে ডাগআউটসহ নির্দিষ্ট এলাকায় মোবাইল বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। এটি অ্যান্টি-করাপশন নিয়মের অংশ।

আইপিএলের সাবেক চেয়ারম্যান ললিত মোদি নিজের এক্স অ্যাকাউন্টে এ ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লিখেছেন, ডাগআউটে ফোন রাখা বা ব্যবহার করা একেবারেই অনুচিত। যদি ঘটনাটি সত্যি হয়, তাহলে আইপিএল গভর্নিং কাউন্সিলের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া। ললিত মোদি আরও জানতে চেয়েছেন, অ্যান্টি-করাপশন ইউনিট এ সময় কোথায় ছিল।

ক্রিকইনফোসহ একাধিক গণমাধ্যম এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। এখন পর্যন্ত রোমি ভিন্দারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে, তবে বোর্ড এ বিষয়টি পর্যালোচনা করছে বলে সূত্র জানিয়েছে।