স্পোর্টস ডেস্ক
১২ এপ্রিল ২০২৬, ০১:১২ পিএম
ঢাকার ক্লাব ক্রিকেট গত কয়েক মাস ধরে অচলাবস্থায় পড়ে ছিল। বিসিবি নির্বাচন নিয়ে বিতর্কের জেরে অনেক ক্লাব বিদ্রোহ করে লিগ বর্জন করায় পুরো ঘরোয়া ক্রিকেটে স্থবিরতা নেমে আসে। এবার সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন অ্যাডহক কমিটি দ্রুত পদক্ষেপ নিয়ে পরিস্থিতি সামাল দিতে শুরু করেছে।
গত বছর বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডকে ‘অবৈধ’ বলে ঘোষণা দেন অনেক ক্লাব কর্মকর্তা। ফলে প্রথম বিভাগের ২০টি ক্লাবের মধ্যে ১২টি এবং দ্বিতীয় বিভাগের ২৪টির মধ্যে ১২টি ক্লাব লিগে অংশ নেয়নি। বুলবুলের বোর্ড তখন বিদ্রোহী ক্লাবগুলোকে শাস্তি হিসেবে নিচের বিভাগে অবনমিত করে।
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সম্প্রতি বুলবুলের বোর্ড ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করে। দায়িত্ব নেওয়ার পরপরই তামিমের নেতৃত্বে ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়, আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের দেওয়া অবনমনের শাস্তি পুরোপুরি বাতিল করা হবে।
শুধু তাই নয়, এবার ঢাকা লিগের কোনো বিভাগেই অবনমন বা প্রমোশনের ব্যবস্থা রাখতে চায় না বিসিবি। তবে এ সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে এ বছর প্রথম ও দ্বিতীয় বিভাগ থেকে ওপরের লিগে উঠে আসা চারটি ক্লাব। তাদের রাজি করানোর চেষ্টা চলছে।
জানা গেছে, যদি এই চার ক্লাবকে শেষ পর্যন্ত রাজি করানো না যায়, তাহলে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগ ১২টির বদলে ১৪টি ক্লাব নিয়ে এবং প্রথম বিভাগ ২২টি ক্লাব নিয়ে আয়োজন করা হতে পারে। এতে বিদ্রোহী ক্লাবগুলোকেও ফিরিয়ে আনা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
তামিমের এই উদ্যোগকে অনেকে ইতিবাচক হিসেবে দেখছেন। ঢাকার ক্লাব ক্রিকেটকে দ্রুত সচল করে তরুণ ক্রিকেটারদের মাঠে ফেরানো এবং পুরো ঘরোয়া ক্রিকেটের গতি ফিরিয়ে আনাই এখন মূল লক্ষ্য। আগামী কয়েক সপ্তাহের মধ্যে প্রিমিয়ার লিগ শুরুর সম্ভাবনাও রয়েছে।
এসটি