images

স্পোর্টস / ক্রিকেট

নিউজিল্যান্ড সিরিজের দলে যে কারণে পরিবর্তন আনেনি বিসিবি

স্পোর্টস ডেস্ক

১১ এপ্রিল ২০২৬, ০৩:৩৬ পিএম

কদিন পরেই মাঠে গড়াবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। এ সিরিজের আগেই নতুন নির্বাচক প্যানেল পেয়েছে বিসিবি। হাবিবুল বাশার সুমনের নেতৃত্বাধীন নির্বাচক কমিটির প্রথম সিরিজ হতে চলেছে এটি। কিউইদের বিপক্ষে সিরিজ শুরুর আগে আজ দল ঘোষণা করা হয়েছে। তবে সবশেষ পাকিস্তান সিরিজের দল থেকে একটিও পরিবর্তন আনা হয়নি। অপরিবর্তিত দল নিয়েই ঘরের মাঠে ব্ল্যাকক্যাপসদের বিপক্ষে খেলবে টাইগাররা। 

বিসিবি আজ সংবাদ সম্মেলনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে যে ১৫ ক্রিকেটার ছিলেন, তাঁরা আছেন কিউইদের বিপক্ষে সিরিজেও। নিউজিল্যান্ড সিরিজের দলে কোনো পরিবর্তন না আনার পক্ষে নতুন নির্বাচক কমিটির যুক্তি, পর্যাপ্ত সুযোগ না দিয়ে কাউকেই দল থেকে বাদ দেওয়া হবে না, এ কারণেই পাকিস্তান সিরিজের দল নিয়েই আসন্ন সিরিজেও খেলবে বাংলাদেশ। 

দলে কোনো পরিবর্তন না আনার প্রসঙ্গে প্রধান নির্বাচক হাবিবুল বাশার বলেন, ‘অবশ্যই। আমরা যখন দলটা দেখেছি, আমাদের সবশেষ সিরিজটা (পাকিস্তান সিরিজ) বেশ সফল হয়েছিল। বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে। সেখানে কিছু খেলোয়াড় হয়তো একাদশে সুযোগ পাননি। আবার কিছু ক্রিকেটার নতুন এসেছেন। আমাদের পলিসি হলো যখন কেউ আসবে, তাকে যেন পর্যাপ্ত সুযোগ দিতে পারি।’

ধারাবাহিকতা বজায় রাখতে চান জানিয়ে তিনি আরও বলেন, ‘কাউকে সুযোগ না দিয়ে দল থেকে বাদ দেওয়ার পক্ষপাতী আমরা না। যাঁরা খেলেছেন, তাঁরা খারাপ খেলেননি, বরং ভালোই খেলেছেন। আমরা টিমটার ধারাবাহিকতায় বিশ্বাস করতে চাই, তাই পরিবর্তন করিনি।’

পাকিস্তানের বিপক্ষে সেই ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাইফ হাসান। তাঁর শট নির্বাচন নিয়েও প্রশ্ন ওঠেছিল। নিউজিল্যান্ড সিরিজেও তাঁকে দলে রাখার বিষয়ে প্রধান নির্বাচক বলেন, ‘আগের নির্বাচক কমিটি একটা পরিকল্পনা নিয়ে কাজ করেছে। সাইফ হাসানকে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয়েছিল। ওপেনিং পজিশনে আমরা বেশ কয়েক বার পরিবর্তন করেছি। কিন্তু এখন আমরা এই জায়গাটা থিতু করতে চাই। কাউকে বিচার করার জন্য তিনটা ম্যাচ যথেষ্ট নয়। যেহেতু তিনি খেলেছেন, আমরা তাকে আরও সুযোগ দিতে চাই। আমরা বারবার পরিবর্তন করতে চাই না। পর্যাপ্ত সুযোগ দেওয়ার পরেই আমরা অন্য কাউকে নিয়ে চিন্তা করব।’

এদিকে পাকিস্তান সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ পাননি সৌম্য সরকার। নিউজিল্যান্ড সিরিজে কি তিনি মাঠে নামতে পারবেন, এমন প্রশ্নের জবাবে হাবিবুল বাশার বলেন, ‘দুই দিন প্র্যাকটিস দেখলাম সৌম্য’র। একটা জিনিস খুব ইমপ্রেসিভ লেগেছে, যেভাবে অফস্পিন হ্যান্ডেল করছে। স্পিনে সেট হওয়ার আগে একটু দুর্বলতা ছিল। অনেক উন্নতি করেছে। হি ইজ ইম্পরট্যান্ট এসেট ফর দ্য টিম।’