স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৬, ০৯:২১ এএম
ক্রিকেটবিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ভারতীয় এ টুর্নামেন্টে খেলতে মুখিয়ে থাকেন সব দেশের ক্রিকেটাররা। এমনকি এ লিগে খেলতে কত প্রচেষ্টাই না করেন তারা। তবে নুয়ান থুশারা যা করেছিলেন তা একটু অনন্যই। নিজ দেশের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধেই মামলা করেছিলেন তিনি।
আইপিএলে খেলার জন্য বোর্ডের কাছ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ (এনওসি) না পাওয়ায় শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন পেসার নুয়ান থুশারা। তবে নাটকীয় মোড় নিয়ে এবার নিজের অবস্থান থেকে সরে এসে বোর্ডের কাছে দুঃখ প্রকাশ করেছেন তিনি এবং মামলাটি প্রত্যাহারের কথাও ভাবছেন।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সূত্র জানিয়েছে, এক ই-মেইলে থুশারা বোর্ডের কাছে ক্ষমা চেয়ে বলেছেন, “বোর্ডকে কোনো ধরনের অস্বস্তিতে ফেলা আমার উদ্দেশ্য ছিল না।” তিনি আরও জানান, “আমি শুধু ন্যায্যতা ও সুবিচার চেয়েছিলাম, কারণ আমার মনে হয়েছে আমার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে।”
এর আগের দিন এসএলসি আদালতে জানায়, থুশারার করা আবেদনের বিরুদ্ধে তারা আপত্তি দাখিল করবে। এই আবেদনের মাধ্যমে থুশারা চেয়েছিলেন, তাকে যেন আইপিএল ২০২৬-এ খেলতে এনওসি দিতে বোর্ডকে নির্দেশ দেওয়া হয়।
তবে এসএলসি তার আবেদন নাকচ করে দেয়, কারণ তিনি বাধ্যতামূলক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। ৩১ বছর বয়সী এই পেসার ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ৩০টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ২০২৪ ও ২০২৫ মৌসুমে আইপিএলে খেলার পর এবারও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলার কথা ছিল তার।
আদালত এসএলসির আবেদন মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছে ২৩ এপ্রিল।