images

স্পোর্টস / ফুটবল

ফের ড্রয়ে শিরোপার দৌড়ে বড় ধাক্কা রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক

১১ এপ্রিল ২০২৬, ০৯:১৫ এএম

লা লিগার শিরোপা দৌড়ে আবারও পয়েন্ট হারাল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে জিরোনার বিপক্ষে ১-১ ড্র করেছে তারা। বিরতির পর ফেদেরিকো ভালভার্দের গোলেই এগিয়ে যায় আলভারো আরবেলোয়ার দল। তবে ম্যাচের শেষদিকে থমাস লেমারের দুর্দান্ত শটে সমতায় ফেরে জিরোনা।

এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা বার্সেলোনার থেকে ছয় পয়েন্ট পিছিয়ে পড়েছে মাদ্রিদ। শনিবার এস্পানিওলের বিপক্ষে জিততে পারলে ব্যবধান আরও বাড়িয়ে নয় পয়েন্টে নিতে পারবে বার্সা।

ম্যাচে একটি পেনাল্টি না পাওয়াকে ঘিরে ক্ষোভ ঝেড়েছেন মাদ্রিদ কোচ আরবেলোয়া। জিরোনার ডিফেন্ডার ভিতর রেইসের হাত কিলিয়ান এমবাপের মুখে লাগলেও রেফারি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেন, ভিএআরও হস্তক্ষেপ করেনি। ম্যাচ শেষে আরবেলোয়া বলেন, “এটা এখানে পেনাল্টি, চাঁদেও পেনাল্টি। কেউ এটা বোঝে না। ভিএআর কখন হস্তক্ষেপ করবে, মনে হয় সেটা তারা নিজেদের মতো ঠিক করে।”

টানা তিন ম্যাচ জয়হীন থাকার হতাশাও প্রকাশ করেন তিনি। “আমরা আমাদের সেরা খেলাটা খেলতে পারিনি, কিন্তু এই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল,” বলেন মাদ্রিদ কোচ। তবে শিরোপার লড়াই থেকে এখনও হার মানতে নারাজ তিনি, বলেন, “লা লিগা শেষ না হওয়া পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।”

প্রথমার্ধে আধিপত্য ছিল মাদ্রিদেরই, তবে গোল পেতে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। বক্সের বাইরে থেকে জোরালো শটে গোল করেন ভালভার্দে, যদিও গোলরক্ষক পাওলো গাজ্জানিগা সেটি ঠেকাতে গিয়ে ভুল করেন। লিড নেওয়ার পর সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি মাদ্রিদ। এমবাপে ও ভিনিসিয়ুস জুনিয়রের প্রচেষ্টা রুখে দেন গাজ্জানিগা।

শেষ পর্যন্ত ৭৫ মিনিটের দিকে বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করে জিরোনাকে সমতায় ফেরান লেমার। ম্যাচের শেষদিকে এমবাপ্পে পেনাল্টির দাবি তুললেও তা নাকচ হয়ে যায়। বুধবার বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে জার্মানিতে যাবে মাদ্রিদ, যেখানে প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে আছে তারা।

অন্যদিকে, লিগে ১২তম স্থানে থাকা জিরোনা শেষদিকে ইউরোপিয়ান প্রতিযোগিতার টিকিটের জন্য লড়াইয়ে নামার আশা দেখছে।