images

স্পোর্টস / ক্রিকেট

আইপিএল থেকে ছিটকেই গেলেন হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক

১০ এপ্রিল ২০২৬, ১০:৪২ এএম

লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) দলে পরিবর্তন আনতে যাচ্ছে। চোটের কারণে শ্রীলঙ্কার লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে পাচ্ছে না দলটি। তাই তার বদলি আনতে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের ক্রিকেট পরিচালক টম মুডি বৃহস্পতিবার জানিয়েছেন, “আমরা ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছি যে সে (হাসারাঙ্গা) আমাদের সঙ্গে যোগ দিতে পারবে না। আমরা বিকল্প খুঁজছি, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ঘোষণা দেওয়া হবে।”

ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, হাসারাঙ্গার বদলি হিসেবে দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার জর্জ লিন্ডেকে নেওয়ার সম্ভাবনাই বেশি। এখনও পর্যন্ত আইপিএলে না খেলা এই অলরাউন্ডারকেই এগিয়ে রাখা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে বাঁ হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার পর থেকেই মাঠের বাইরে আছেন হাসারাঙ্গা। আইপিএলে খেলতে হলে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) বাধ্যতামূলক ফিটনেস টেস্ট পাস করে এনওসি নেওয়ার কথা ছিল, কিন্তু সেটিও তিনি দিতে পারেননি।

সবশেষ নিলামে ২ কোটি রুপিতে হাসারাঙ্গাকে দলে ভিড়িয়েছিল এলএসজি। তবে চোটের কারণে শেষ পর্যন্ত দলে যোগ দেওয়া হয়নি তার। এর আগে তিনি রাজস্থান রয়্যালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন।

হাসারাঙ্গা না থাকলেও এবারের আইপিএলে বল হাতে দারুণ পারফর্ম করছে এলএসজি। স্পিন বিভাগে দিগভেশ রাঠি, এম সিদ্ধার্থ ও শাহবাজ আহমেদ রয়েছেন। এছাড়া পেসার মহসিন খানও কিছুটা চোটের কারণে বাইরে আছেন বলে জানিয়েছেন মুডি।

সম্ভাব্য বদলি লিন্ডে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছেন, যেখানে চার ইনিংসে পেয়েছেন মাত্র একটি উইকেট। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। গত এক বছরে এসএ২০, দ্য হান্ড্রেড, মেজর লিগ ক্রিকেট ও পিএসএলে খেলেছেন তিনি।

এখন পর্যন্ত ২৫০টি টি-টোয়েন্টি ম্যাচে ২১৮ উইকেট নেওয়া লিন্ডের ইকোনমি রেট ৭.৪২, যা তাকে এলএসজির জন্য কার্যকর বিকল্প হিসেবেই তুলে ধরে।