স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৬, ০৬:২১ পিএম
ইতিহাস গড়লেন ব্রাজিলের বোলার লরা কার্দোসো। পুরুষ ও নারী- উভয় বিভাগের টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ৯ উইকেট নেওয়ার নজির গড়েছেন তিনি।
লেসোথোর বিপক্ষে ম্যাচে অবিশ্বাস্য বোলিং করে মাত্র ৩ ওভারে ৪ রান দিয়ে ৯ উইকেট নেন কার্দোসো, যা টি-টোয়েন্টি আন্তর্জাতিকের ইতিহাসে সেরা বোলিং ফিগার।
এর আগে এই রেকর্ডটি ছিল ভুটানের সোনাম ইয়েশের দখলে, যিনি ২০২৫ সালে মিয়ানমারের বিপক্ষে ৭ রানে ৮ উইকেট নিয়েছিলেন। নারীদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়া রোহমালিয়ার ৭ উইকেট।
ম্যাচে আগে ব্যাট করতে নেমে ব্রাজিল বড় সংগ্রহ দাঁড় করায়। রোবার্তা অ্যাভেরি ৩৫ বলে ৪৮ এবং মনিকে মাচাডো ৪১ বলে অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলেন।
এরপর বল হাতে ঝড় তোলেন কার্দোসো। দ্বিতীয় ওভারেই হ্যাটট্রিক করেন এই পেসার। চতুর্থ ওভারে আরও চার উইকেট নিয়ে নিজের সংগ্রহ দাঁড় করান সাত উইকেটে। পরে ষষ্ঠ ওভারে আরও দুই উইকেট নিয়ে গড়েন অনন্য এই রেকর্ড।
শেষ পর্যন্ত মারিয়ানে আরতুর শেষ উইকেটটি নিলে লেসোথো মাত্র ১৩ রানে অলআউট হয়। ফলে ১৮৯ রানের বিশাল জয় পায় ব্রাজিল।