images

স্পোর্টস

যুব ইনস্টিটিউট থেকে বাদ পড়ল ‘শেখ হাসিনা’ নাম, সংসদে সংশোধনী বিল পাস

ক্রীড়া প্রতিবেদক

০৯ এপ্রিল ২০২৬, ১২:২৩ পিএম

দেশের খেলাধুলার মান উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে সরকার। জাতীয় ক্রীড়া পরিষদকে আরও সময়োপযোগী ও কার্যকর করতে সংসদে পাস হয়েছে ‘জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল-২০২৬’। এই সংশোধনীর মাধ্যমে ২০১৮ সালের পুরোনো আইনকে ঢেলে সাজানো হচ্ছে, যাতে ক্রীড়া খাত আরও গতিশীল ও ফলপ্রসূ হয়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদের অধিবেশনে কণ্ঠভোটে বিলটি পাস হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বিলটি সংসদে উত্থাপন করেন।

এই বিল পাস হওয়াতে ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’ থেকে ‘শেখ হাসিনা’ অংশটি বাদ পড়ছে। এছাড়া ‘শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট বিল-২০১৮’ সংসদে পাস হয়েছিল। নতুন সংশোধনের মাধ্যমে সেই আইনের কাঠামো বহাল থাকলেও নাম পরিবর্তনের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

চলতি বছরের শুরুতে এই আইনের সংশোধনী অধ্যাদেশ জারি করা হয়েছিল। পরবর্তীতে তা বিল আকারে সংসদে উত্থাপন করা হয় এবং আজ কণ্ঠভোটে অনুমোদিত হয়। এই পরিবর্তনের ফলে ক্রীড়া পরিষদের কাঠামো, কার্যপ্রণালী ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও আধুনিক ও দক্ষ হবে বলে আশা করা হচ্ছে।

সংসদ সচিবালয়ের কার্যসূচি অনুসারে, যুব ও ক্রীড়া উন্নয়ন খাতে এটি একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী বিলের মধ্যে অন্যতম। এর আগে সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।