স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ এএম
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে গতকাল রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের কাছে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। লম্বা সময় ধরে ইউরোপিয়ান ট্রফিবঞ্চিত থাকা বার্সার শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নে এই হার বড় ধাক্কা। এখন সেমিফাইনালে উঠতে অ্যাতলেতিকোর মাঠে ফিরতি লেগে বার্সাকে অন্তত ৩ গোল করতে হবে এবং গোলও হজম করা যাবে না।
এদিকে সম্প্রতি নানা অভিযোগের পর এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও দেখা গেল বিতর্কিত সিদ্ধান্ত। বার্সেলোনা ও অ্যাতলেতিকো মাদ্রিদের ম্যাচে রেফারির একাধিক সিদ্ধান্ত ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন বার্সা কোচ হান্সি ফ্লিক।
সংখ্যায় পিছিয়ে পড়ার সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধের শেষ মুহূর্তে এগিয়ে যায় অ্যাতলেতিকো। তবে গোলটি নয়, ম্যাচের মূল বিতর্ক তৈরি হয় অন্য একটি ঘটনায়। অ্যাতলেতিকো ডিফেন্ডার মার্ক পিউবিলের একটি স্পষ্ট হ্যান্ডবলের ঘটনায় কেবল হলুদ কার্ড দেখানো হয়, যা নিয়ে ক্ষুব্ধ বার্সেলোনা শিবির।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হান্সি ফ্লিক বলেন, এটা আমার কাছে পরিষ্কার লাল কার্ডের ঘটনা। এমনকি দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে পেনাল্টিও দেয়া যেত। কিন্তু কেন ভিএআর দিয়ে সেটা পর্যালোচনা করা হলো না, সেটার ব্যাখ্যা রেফারিদেরই দিতে হবে।
এই ম্যাচের সিদ্ধান্ত ঘিরে আবারও প্রশ্ন উঠেছে ইউরোপীয় ফুটবলে ভিএআর ব্যবহারের ধারাবাহিকতা ও নিরপেক্ষতা নিয়ে।
উল্লেখ্য, ম্যাচে ৪৪ মিনিটে বড় ধাক্কা খায় বার্সেলোনা। পাল্টা আক্রমণে এগোতে থাকা অ্যাতলেতিকোর ফরোয়ার্ড গিলিয়ানো সিমিওনেকে ফাউল করেন বার্সা ডিফেন্ডার পাউ কুবারসি। শুরুতে হলুদ কার্ড দেখালেও ভিএআর দেখে রেফারি ইস্তভান কোভাকস ঠিকই সিদ্ধান্ত পরিবর্তন করে সরাসরি লাল কার্ড দেখান কুবারসিকে। ফলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।
এমআর/এআরএম