Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

সরকারের আহ্বানে নতুন সিদ্ধান্ত বিসিবির

স্পোর্টস ডেস্ক

০৯ এপ্রিল ২০২৬, ১০:৫১ এএম

সরকারের আহ্বানে সাড়া দিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবালের নেতৃত্বাধীন নতুন বোর্ড। বিদ্যুৎ সাশ্রয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি। 

বিদ্যুৎ বাঁচাতে কৃত্রিম আলো যতটা সম্ভব কম ব্যবহার করে ম্যাচগুলো এগিয়ে এনে দিনের আলোতে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন এই কমিটির প্রধান তামিম ইকবাল।

বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়া বাংলাদেশের সাবেক অধিনায়ক জানালেন, যতটা কম সম্ভব কৃত্রিম আলো ব্যবহার করতে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচগুলোর সময়ে পরিবর্তন আনা হচ্ছে।

আরও পড়ুন: প্রথম লক্ষ্য দেশের ক্রিকেটের নষ্ট হয়ে যাওয়া ভাবমূর্তি ঠিক করা: তামিম

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী সোমবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ তিনটি শুরু হওয়ার কথা দুপুর ২টায়। সেক্ষেত্রে পুরো ১০০ ওভার খেলা হলে ম্যাচ শেষ হবে রাত ১০টার আশেপাশে। প্রথম ইনিংসের শেষভাগ থেকেই ফ্লাডলাইট জ্বলে ওঠার কথা। টি-টোয়েন্টি ম্যাচগুলি শুরু হওয়ার কথা সন্ধ্যা ৬টায়। পুরো ম্যাচই হওয়ার কথা ফ্লাডলাইটে।

তবে নতুন সিদ্ধান্তে ম্যাচগুলো ১১টা বা সাড়ে ১১টা থেকে শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ ২টা বা আড়াইটা থেকে হতে পারে। পরিবর্তিত নতুন সময় শিগগিরই জানিয়ে দেওয়া হবে বলেও জানিয়েছে বিসিবি।

এমআর/এআরএম