স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ এএম
সান্তিয়াগো বার্নাব্যুতে উত্তেজনায় ভরা এক রাতে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। পরিসংখ্যান, বল দখল ও ঘরের মাঠের চেনা পরিবেশ সবকিছুই ছিল রিয়ালের পক্ষে। তবু সহজ সুযোগগুলো কাজে লাগাতে না পারায় হার দেখতে হয়েছে ১৫ বারের চ্যাম্পিয়নদের।
এদিন ম্যাচটি শুরু হয়েছিলো আক্রমণ-প্রতিআক্রমণের রোমাঞ্চকর লড়াই। দুই দলের গোলরক্ষক অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। আন্দ্রে লুনিন ও ম্যানুয়েল নয়্যারের দুর্দান্ত সেভ না থাকলে গোলের সংখ্যা আরও বেশি হতে পারত।
প্রথমার্ধের শেষ দিকে, ৪১তম মিনিটে লুইস দিয়াসের দারুণ ফিনিশিংয়ে এগিয়ে যায় বায়ার্ন। গ্রানব্রির ক্রস থেকে কলম্বিয়ান ফরোয়ার্ডের ডান পায়ের নিচু শটে জাল কাঁপিয়ে ১-০ লিড নেয় অতিথিরা।
বিরতির পরপরই, দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র ৪৬তম মিনিটে হ্যারি কেইন ব্যবধান দ্বিগুণ করেন। ওলিসের ক্রস থেকে ইংলিশ স্ট্রাইকারের নিচু শটে বায়ার্ন ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
রিয়ালের হয়ে আশার আলো জ্বালান কিলিয়ান এমবাপে। ৭৪তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের নিচু ক্রস পেয়ে বাঁ-পায়ের জোরালো শটে গোল করে ব্যবধান কমান তিনি। এটি ছিল তার সাম্প্রতিক গোলখরা কাটানোর মুহূর্ত।
ম্যাচজুড়ে রিয়াল অনেক সুযোগ তৈরি করলেও শেষ মুহূর্তে নয়্যারের অসাধারণ সেভগুলো তাদের হতাশ করে। এমবাপে, ভিনিসিয়ুস জুনিয়রসহ একাধিক তারকা একের পর এক সহজ সুযোগ নষ্ট করেন। অন্যদিকে বায়ার্নের দ্রুত পাল্টা আক্রমণ ও শক্তিশালী প্রেসিং রিয়ালকে চাপে রাখে। তাতে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে জার্মান চ্যাম্পিয়নরা।
দ্বিতীয় লেগে ১৫ এপ্রিল আলিয়াঞ্জ অ্যারেনায় হবে দ্বিতীয় লেগ। এক গোলের ব্যবধান নিয়ে বায়ার্ন সুবিধাজনক অবস্থানে আছে, তবে বার্নাব্যুতে ফিরতি ম্যাচে রিয়ালের ঘুরে দাঁড়ানোর ইতিহাস অনেক। ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা যদি ঘরের মাঠে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেন, তাহলে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন দেখতে পারবে বায়ার্ন।