স্পোর্টস ডেস্ক
০৭ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পিএম
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড ভেঙে দেওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত ১১ সদস্যের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় প্রথমবারের মতো মিরপুরের বিসিবি কার্যালয়ে পা রাখেন তিনি।
বিসিবিতে পৌঁছেই বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন তামিম। এরপর অ্যাডহক কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হয় প্রথম বোর্ড সভা। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিম স্পষ্ট করে জানিয়ে দেন, তাঁর এবং পুরো টিমের সবচেয়ে বড় অগ্রাধিকার হলো গত এক-দেড় বছরে নষ্ট হয়ে যাওয়া বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ফিরিয়ে আনা।
তামিম বলেন, “ব্যক্তিগতভাবে আমি এবং আমার টিম সবাই একসঙ্গে অনুভব করছি যে, আমাদের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি ঠিক করা। গত এক-দেড় বছরে যে ক্ষতি হয়েছে, সেটা মেরামত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
তিনি আরও যোগ করেন, “ক্রিকেট সবসময় আমাদের গর্বের বিষয় ছিল। বিসিবিতে যারা চাকরি করতেন, বাইরে গিয়ে গর্ব করে বলতেন—‘আমি বিসিবিতে চাকরি করি’। এখন সেই গর্বটা ফিরিয়ে আনতে হবে।”
অ্যাডহক কমিটিকে মাত্র তিন মাসের মধ্যে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। তামিম জানান, দায়িত্ব যতটা সততা ও দ্রুততার সঙ্গে পালন করা সম্ভব, তাঁরা তাই করবেন। পাশাপাশি দৈনন্দিন কাজকর্ম, বিশ্বকাপ-সংক্রান্ত ইস্যুসহ সব বিষয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে।
৩৭ বছর বয়সী তামিম এখন বিসিবির ইতিহাসে সবচেয়ে তরুণ সভাপতি। তাঁর নেতৃত্বাধীন কমিটিতে রয়েছেন সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু, আতাহার আলী খানসহ আরও কয়েকজন।