images

স্পোর্টস / ক্রিকেট

এশিয়ান কাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৩ পিএম

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের এশিয়ান কাপ অভিযান শেষ হলো হতাশায়। শেষ ম্যাচে ভিয়েতনামের কাছে ১-০ গোলে হারের ফলে তিন ম্যাচে শূন্য পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের তলানিতে থেকেই বিদায় নিতে হলো পিটার বাটলারের দলকে।

থাইল্যান্ডের ননথাবুরি স্টেডিয়ামে মঙ্গলবারের ম্যাচে জয় পেলে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়ে উঠত। আর ড্র করলেও গ্রুপ পর্ব থেকে বেঁচে থাকার আশা টিকে থাকত। কিন্তু কোনোটাই করতে পারেনি লাল-সবুজের মেয়েরা। ভিয়েতনামের বিপক্ষে একমাত্র গোলটি খেয়ে মাঠ ছাড়তে হয়েছে খালি হাতে।

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ কিছুটা সতর্ক ছিল। ভিয়েতনাম আগের দুই ম্যাচে চীন ও থাইল্যান্ডের কাছে ভালো ফল করতে না পারায় বাংলাদেশের সামনে জয়ের সুযোগ তৈরি হয়েছিল। 

২৮ মিনিটে সুযোগও এসেছিল মোসাম্মৎ সাগরিকার সামনে। ভিয়েতনামের রক্ষণ চিরে বক্সে ঢুকে পড়া সাগরিকা শট নিলেও ভিয়েতনামের গোলরক্ষক লি থি থু দারুণভাবে তা ঠেকিয়ে দেন। প্রথমার্ধে ভিয়েতনামও কয়েকবার আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারেনি। ১৮ মিনিটে এনগুয়েন থি কুই এবং ২১ মিনিটে লু হোয়াং ভ্যানের শট লক্ষ্যে রাখতে পারেননি। 

বিরতির ঠিক আগে কোচ পিটার বাটলার জোড়া পরিবর্তন আনেন। সুরভি প্রীতি ও নবিরন খাতুনকে তুলে নিয়ে মাঠে নামান মুনকি আক্তার ও স্বপ্না রানীকে। বিরতির পরই আক্রমণের ধার বাড়িয়ে দেয় ভিয়েতনাম। ৪৯ মিনিটে তা থি হং মিনের দূরপাল্লার ফ্রি কিক ঠিকমতো ধরতে পারেননি বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার। বল পেয়ে যান গুয়েন থি থুই লিন। বাঁ পায়ের জোরালো শটে তিনি বল জালে জড়িয়ে দেন (১-০)। 

এরপর বাংলাদেশ আরও চাপে পড়ে। ভিয়েতনাম বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করলেও ডিফেন্ডার সুরমা জান্নাত ও গোলরক্ষক মিলি আক্তারের সতর্কতায় ব্যবধান আর বাড়েনি। সুরমা জান্নাত কর্নার ও খোলা বলে একাধিকবার দলকে বিপদমুক্ত করেন। 

বাংলাদেশের আক্রমণভাগ কিন্তু একেবারেই সৃজনশীলতা দেখাতে পারেনি। সাগরিকা ও উমহেলা মারমার চেষ্টাগুলো বারবার অফসাইডের ফাঁদে আটকে যায়। শেষ দিকে ভিয়েতনাম আরও গোলের চেষ্টা করলেও বাংলাদেশের রক্ষণভাগ শেষ পর্যন্ত তা সামলে নেয়। 

এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে থাইল্যান্ডের কাছে ৩-২ গোলে এবং দ্বিতীয় ম্যাচে চীনের কাছে ২-০ গোলে হেরেছিল। তিন ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় ‘এ’ গ্রুপের সবার নিচে থেকেই শেষ হয়েছে তাদের এশিয়ান কাপ যাত্রা।