images

স্পোর্টস / ফুটবল

বার্নাব্যুতে মহারণ, রিয়াল-বায়ার্ন লড়াই আজ

স্পোর্টস ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৬ পিএম

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে জমবে ইউরোপের দুই জায়ান্টের লড়াই।

শেষ ষোলোতে ম্যানচেস্টার সিটিকে দুই লেগ মিলিয়ে ৫-১ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত ফর্মে এই পর্বে উঠেছে রিয়াল। অন্যদিকে বায়ার্নও কম যায়নি, আতালান্তাকে ১০-২ ব্যবধানে উড়িয়ে দিয়েছে তারা।

লা লিগায় সবশেষ ম্যাচে মায়োর্কার কাছে ২-১ গোলে হারের পর কিছুটা চাপে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে তারা। তবে ইউরোপের মঞ্চে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যই এখন তাদের সামনে। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে ভালোই খেলছে রিয়াল, ৪টি জয় ও মাত্র ১টি হার। আক্রমণেও রয়েছে ধার, এখন পর্যন্ত ২৯টি গোল করেছে তারা।

বায়ার্নের বিপক্ষে অতীত পরিসংখ্যানও মোটামুটি সমানে সমান। ২৮ ম্যাচে রিয়ালের জয় ১৩টি, হার ১১টি, ড্র ৪টি। এই ম্যাচে রিয়ালের বড় শক্তি হতে পারে কিলিয়ান এমবাপ্পে ও ভিনিসিয়ুস জুনিয়রের গতি। তাদের সঙ্গে মাঝমাঠ থেকে আক্রমণে যোগ দেবেন ফেদেরিকো ভালভার্দে ও জুড বেলিংহাম।

অন্যদিকে, ফ্রাইবুর্গের বিপক্ষে ৩-২ গোলে জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বায়ার্ন। আক্রমণে তারা দুর্দান্ত- বড় সুযোগ তৈরি ও গোল করার পরিসংখ্যানে শীর্ষ সারিতে আছে দলটি। মাইকেল ওলিসে সৃজনশীলতার মূল ভরসা, আর সামনে গোলের দায়িত্বে থাকবেন হ্যারি কেইন। পাশাপাশি লুইস দিয়াজ ও লেনার্ট কার্ল আক্রমণে বাড়তি শক্তি যোগ করবেন। অ্যাওয়ে ম্যাচেও বায়ার্নের রেকর্ড ভালো- ৪টি জয় ও মাত্র ১টি হার। তাই বার্নাব্যুতেও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে রিয়ালের জন্য।

রিয়াল মাদ্রিদ এই ম্যাচে পাচ্ছে না প্রথম পছন্দের গোলরক্ষক থিবো কোর্তোয়া। এছাড়া ফেরলান্দ মেন্ডি, দানিয়েল সেবায়োস ও রদ্রিগো চোটের কারণে বাইরে। বায়ার্ন শিবিরে হ্যারি কেইন ফিট হয়ে ফিরতে পারেন। তবে গোলরক্ষক স্ভেন উলরাইখ ছাড়া বড় কোনো সমস্যা নেই তাদের দলে।

সম্ভাব্য একাদশ

রিয়াল মাদ্রিদ (৪-৪-২): 
লুনিন; কারেরাস, হুইসেন, রুডিগার, আলেক্সান্ডার-আর্নল্ড; ছুয়ামেনি, ভালভার্দে, গুলের, বেলিংহাম; ভিনিসিয়ুস; এমবাপ্পে।

বায়ার্ন মিউনিখ (৪-২-৩-১): 
নয়্যার; স্টানিসিচ; উপামেকানো; তাহ; বিশফ; গোরেতজকা; কিমিখ; দিয়াজ; কার্ল; ওলিসে; কেইন।