images

স্পোর্টস / ক্রিকেট

রাজনীতি নয়, এখন মাঠের পারফরম্যান্সেই পূর্ণ মনোযোগ সাকিবের

স্পোর্টস ডেস্ক

০৭ এপ্রিল ২০২৬, ০৬:১৯ এএম

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান জানিয়েছেন, তার বর্তমান মনোযোগের কেন্দ্রবিন্দু শুধুই ক্রিকেট। ক্যারিয়ারের সায়াহ্নে এসে জাতীয় দলের হয়ে সেরাটা উজাড় করে দিতে চান তিনি। সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরা, ঘরোয়া ক্রিকেটের পরিবেশ এবং রাজনীতি নিয়ে সাকিবের কিছু মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি নিজের অবস্থান স্পষ্ট করলেন এই বাঁহাতি অলরাউন্ডার।

সাকিব তার পোস্টে লেখেন, আসসালামু আলাইকুম সবাইকে। সম্প্রতি গণমাধ্যমে আমার একটি বক্তব্য বেশ আলোচনার সৃষ্টি করেছে। আমি বিষয়টি সবার কাছে স্পষ্টভাবে তুলে ধরতে চাই। এই মুহূর্তে আমার পুরো মনোযোগ শুধুই ক্রিকেটে।

জাতীয় দলের জার্সি গায়ে মাঠ ছাড়ার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করে সাকিব বলেন, ‘ক্যারিয়ারের এই শেষ পর্যায়ে এসে আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে নিজের সর্বোচ্চটা উজাড় করে খেলতে চাই। সুযোগ পেলে দেশকে আরও কিছু স্মরণীয় পারফরম্যান্স উপহার দেওয়াই আমার লক্ষ্য।’

বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে মাগুরা থেকে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান। তখন রাজনীতি ও ক্রিকেট একসঙ্গে চালিয়ে যাওয়া নিয়ে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

তবে রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে এখন সাকিবের অবস্থানে কিছুটা নমনীয়তা বা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, দেশের উন্নয়নের জন্য রাজনীতি গুরুত্বপূর্ণ হলেও জনসেবার জন্য এটিই একমাত্র পথ নয়।

সাকিব লেখেন, ‘ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার পর আমি দেশের উন্নয়নে অবদান রাখতে চাই। তবে সেটি যে শুধু রাজনীতির মাধ্যমেই করতে হবে, তা নয়। রাজনীতি ছাড়াও দেশের জন্য কাজ করা সম্ভব। তবে হ্যাঁ, রাজনীতির মাধ্যমে কাজগুলো করা হয়তো অনেক বেশি সহজ হয়।’

দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার সময় সমর্থকদের ভালোবাসা পাশে চান এই ক্রিকেটার। তিনি বলেন, ‘আমি আশা করি লাল-সবুজের জার্সি গায়ে মুখে হাসি নিয়ে ক্যারিয়ার শেষ করতে পারব। এই লক্ষ্যে আমি দেশবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চাই।’

সাকিবের এই ব্যাখ্যা ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার অবসান ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে তিনি জাতীয় দলের হয়ে তার পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন।

 /একেবি/