স্পোর্টস ডেস্ক
০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পিএম
চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্রাজিলিয়ান এই তারকা জানিয়েছেন, সঠিক সময়েই রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি করবেন এবং দীর্ঘদিন ক্লাবটিতে থাকতে চান।
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ভিনিসিয়ুস। আন্তর্জাতিক বিরতির আগে ম্যানচেস্টার সিটি ও আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে দুই ম্যাচে চারটি গোল করেছেন তিনি।
বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও মৌসুমের এক পর্যায়ে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। কোচ জাবি আলোনসোর সঙ্গে মতবিরোধ এবং টানা তিন মাস গোলশূন্য থাকার পর পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল। পরে আলোনসোর জায়গায় দায়িত্ব নেন আলভারো আরবেলোয়া, আর সেখান থেকেই ঘুরে দাঁড়ান ভিনিসিয়ুস।
চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, “আমি আশা করি অনেক দিন এখানে থাকতে পারব। এখনও এক বছর সময় আছে, আমরা শান্ত আছি। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আমার ওপর ভরসা রাখেন। সঠিক সময়ে আমরা চুক্তি নবায়ন করব।” তিনি আরও যোগ করেন, “এটা আমার স্বপ্নের ক্লাব। এখানে আমি সুখী, এবং অনেক বছর এখানেই থাকতে চাই।”
রিয়ালের হয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রমাণ করেছেন ভিনিসিয়ুস। ২০২২ ও ২০২৪ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করে দলকে জিতিয়েছেন তিনি। ২০২৪ সালের ব্যালন ডি’অরেও রানার্সআপ ছিলেন। তবে এই মৌসুমের শুরুটা সহজ ছিল না তার জন্য। আলোনসোর অধীনে শুরুর একাদশে জায়গা হারান, এমনকি কোচ বরখাস্ত হওয়ার পর সমর্থকদের দুয়োও শুনতে হয়েছে তাকে।
সেই সময়টাকে ‘কঠিন’ বলে উল্লেখ করে ভিনিসিয়ুস বলেন, “অনেক ম্যাচ খেলেছি, কিন্তু মাঠে সময় কম পেয়েছি। কোচের ভাবনার সঙ্গে নিজেকে মেলাতে পারিনি। তবে সেটা শেখার সময় ছিল। সতীর্থরা আমাকে সাহায্য করেছে, আমি নিজেকে আরও ভালোভাবে বুঝতে পেরেছি।” বার্সেলোনার বিপক্ষে ক্লাসিকো ম্যাচে বদলি হওয়ার সময় প্রতিক্রিয়া দেখানোর জন্য সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। পরে সেই ঘটনার জন্য ক্ষমাও চান।
ভিনিসিয়ুস বলেন, “ওটা ভালো মুহূর্ত ছিল না। আমি দল, ক্লাব, কোচ- সবার কাছে ক্ষমা চেয়েছি। তখন মনে হয়েছিল আমি ঠিক করছি, কিন্তু পরে বুঝেছি ভুল করেছি। প্রতিদিনই নতুন কিছু শেখার সুযোগ থাকে।”