images

স্পোর্টস / ফুটবল

‘যুক্তরাষ্ট্র থেকে ম্যাচ না সরালে ইরানের বিশ্বকাপ খেলা অনিশ্চিত’

স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পিএম

আসন্ন বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি। তার দাবি, ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোয় সরানো না হলে দলটির অংশগ্রহণ ঝুঁকির মুখে পড়তে পারে।

ইরান ফুটবল ফেডারেশন ইতোমধ্যে ফিফার কাছে ম্যাচ ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়েছে, তবে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব পায়নি। দোনিয়ামালি বলেন, “আমাদের অনুরোধ গ্রহণ করা হলে বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হবে।”

যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে এই বিশ্বকাপ। তবে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাত পরিস্থিতির কারণে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে ইরানের। এ প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছিলেন, ইরান চাইলে তাদের ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে আসতে পারে, কিন্তু নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও উল্লেখ করেন তিনি।

এর জবাবে ইরান জাতীয় দল জানায়, “কেউ আমাদের বিশ্বকাপ থেকে বাদ দিতে পারবে না।” একই সঙ্গে ইরান ফুটবল প্রধান মেহদি তাজ স্পষ্ট করেন, নিরাপত্তা নিশ্চিত না হলে তারা যুক্তরাষ্ট্রে খেলতে যাবে না।

তবে শেষ পর্যন্ত জিয়ান্নি ইনফান্তিনো জানিয়ে দিয়েছেন, সূচি অনুযায়ীই ম্যাচ হবে, ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। এই পরিস্থিতিতে ইরানের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হলেও ক্রীড়ামন্ত্রী জানিয়েছেন, দল প্রস্তুতি চালিয়ে যাচ্ছে এবং বিশ্বকাপের জন্য তৈরি থাকবে।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রে খেলতে যাওয়ার সম্ভাবনা খুবই কম। তবে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হলে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।” বিশ্বকাপ শুরু হবে ১১ জুন মেক্সিকোয়। ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ১৯ জুলাই। গ্রুপ পর্বে লস অ্যাঞ্জেলেস ও সিয়াটলে ম্যাচ খেলার কথা রয়েছে ইরানের, যেখানে তাদের প্রতিপক্ষদের মধ্যে রয়েছে নিউজিল্যান্ড ও বেলজিয়াম।