images

স্পোর্টস / ক্রিকেট

৭৫ লাখের সরফরাজের কাছে ম্লান চেন্নাইয়ের ২৮ কোটির দুই তারকা

স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম

নিলামে বড় অঙ্ক খরচ করা ফ্র্যাঞ্চাইজির হাতে থাকলেও, সেই দামের সমান পারফরম্যান্স আদায় করা সব সময় সম্ভব হয় না। আইপিএলের নতুন মৌসুমের শুরুতেই সেটার বাস্তব উদাহরণ দেখছে চেন্নাই সুপার কিংস।

তিন ম্যাচ শেষে দলটির ব্যাটিংয়ে সবচেয়ে উজ্জ্বল নাম সারফরাজ খান। মাত্র ৭৫ লাখ রুপিতে দলে পাওয়া এই মিডল অর্ডার ব্যাটার এখন পর্যন্ত ৯৯ রান করেছেন, গড় ৩৩ আর স্ট্রাইক রেট ২০২-এর বেশি। মূলত লাল বলের ক্রিকেটার হিসেবে পরিচিত হলেও টি-টোয়েন্টিতে তার এমন ব্যাটিং নজর কেড়েছে সবার।

শুধু দ্রুত রান তোলাই নয়, পরিস্থিতি বুঝে ব্যাটিং করা এবং স্পিনের বিপক্ষে সাবলীল খেলায় নিজেকে অপরিহার্য করে তুলেছেন সারফরাজ। নিলামে যেসব দল তাকে নেয়নি, তাদের জন্য যেন ‘বেদনার’ মুহূর্ত হয়ে উঠেছে এই পারফরম্যান্স। এই মৌসুমে চেন্নাইয়ের টপ অর্ডার যেখানে অস্বাভাবিকভাবে নড়বড়ে, সেখানে মিডল অর্ডারে সারফরাজের ধারাবাহিকতা দলকে কিছুটা হলেও স্বস্তি দিয়েছে।

২৮.৪ কোটি টাকার প্রশ্ন

অন্যদিকে, বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে কার্তিক শর্মা ও প্রশান্ত বীরকে ঘিরে। নিলামে ১৪.২০ কোটি রুপিতে কেনা কার্তিক শর্মা তিন ম্যাচে করেছেন মাত্র ২৫ রান। তার ছন্দহীন ব্যাটিংয়ের কারণে চাপ বেড়েছে দলের মাঝের সারিতে।

একই দামে কেনা অলরাউন্ডার প্রশান্ত বীরের ব্যবহারও বিস্ময়কর। এখন পর্যন্ত এক বলও করেননি তিনি। দুই ম্যাচে ৪৯ রান করলেও, এমন পারফরম্যান্স তার দামের সঙ্গে যায় না। রবীন্দ্র জাদেজা চলে যাওয়ার পর অলরাউন্ড ভারসাম্য আনার জন্যই তাকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু এখন পর্যন্ত সেই লক্ষ্য পূরণ হয়নি।

সব মিলিয়ে চেন্নাইয়ের নিলাম কৌশল নিয়েও প্রশ্ন উঠছে। দুই খেলোয়াড়ের পেছনে ২৮ কোটির বেশি খরচ করেও প্রত্যাশিত অবদান না পাওয়া দলের ভারসাম্যে প্রভাব ফেলছে। এখন কোচিং স্টাফের সামনে বড় চ্যালেঞ্জ- প্রশান্ত বীরকে বোলিংয়ে কাজে লাগানো, অথবা দল গঠনে নতুন করে ভাবা। এ মুহূর্তে চেন্নাইয়ের চিত্রটা বেশ অদ্ভুত- সবচেয়ে কম দামের খেলোয়াড়ই দলের ভরসা হয়ে উঠেছেন, আর কোটি টাকার তারকারা খুঁজছেন নিজেদের ছন্দ।