images

স্পোর্টস / ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে আলো ছড়িয়ে আইসিসির সেরার দৌড়ে স্যামসন

স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ০৩:০১ পিএম

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) মার্চের প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কারের জন্য মনোনয়ন ঘোষণা করেছে। এবারের লড়াইয়ে ভারতীয় ক্রিকেটের দুই তারকা জসপ্রিত বুমরাহ ও সঞ্জু স্যামসন একসঙ্গে জায়গা করে নিয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক-ব্যাটার কনর ইস্টারহুইজেন। এছাড়া নারীদের প্লেয়ার অব দ্য মান্থের মনোনয়নে রয়েছেন নিউজিল্যান্ডের মেলি কের, অস্ট্রেলিয়ার বেথ মুনি এবং দক্ষিণ আফ্রিকার আয়াবোঙ্গা খাকা।

সঞ্জু স্যামসন আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের অপ্রতিরোধ্য জয়ের অন্যতম নায়ক হয়ে উঠেছেন। শুরুতে তিনি দলে প্রথম পছন্দ ছিলেন না। অভিষেক শর্মা ও ঈশান কিশানকে ওপেনিংয়ে প্রাধান্য দেওয়া হয়েছিল। কিন্তু কোচিং স্টাফের কৌশলগত পরিবর্তনে সুযোগ পেয়েই স্যামসন আগুন ঝরিয়েছেন।

মার্চ মাসে তিনি ১৩৭.৫০ গড়ে মোট ২৭৫ রান করেছেন। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোয় তার পারফরম্যান্স ছিল স্বপ্নের মতো, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাস্ট-উইন ম্যাচে অপরাজিত ৯৭, ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৮৯ এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে আরেকটি ৮৯। এই ঝড়ো ইনিংসগুলোই ভারতকে ট্রফি জেতাতে বড় ভূমিকা রেখেছে। 

এদিকে বিশ্বের সেরা বোলার হিসেবে পরিচিত জসপ্রিত বুমরাহ বিশ্বকাপেও তার দাপট দেখিয়েছেন। সুপার ৮-এ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই উইকেট, সেমিফাইনালে ইংল্যান্ডকে চাপে ফেলা এবং ফাইনালে ৪/১৫। এমন পারফরম্যান্সই তাকে মনোনয়নের দাবিদার করে তুলেছে। 

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার কনর ইস্টারহুইজেন নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টি-টোয়েন্টি সিরিজে ঝলমল করেছেন। পাঁচ ম্যাচে ২০০ রান করেছেন গড় ৫০ এবং স্ট্রাইক রেট ১৪৫.৯৮ নিয়ে। 

নারীদের তালিকায় মেলি কের জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত ছিলেন। ওয়ানডেতে ১৮ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৬ উইকেট নিয়েছেন। ব্যাট হাতে টি-টোয়েন্টিতে ২৭৬ ও ওয়ানডেতে ১৭৬ রান করেছেন। বেথ মুনি ভারতের বিপক্ষে ১০৬ রানের ইনিংস দিয়ে মাস শুরু করেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১০৭ রান এবং পরে একটি ওয়ানডেতে ৬৫ রান করেন। আয়াবোঙ্গা খাকা দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি (৮ উইকেট)। একমাত্র ওয়ানডেতে ৬/৫৬ নিয়ে চমক দেখান।