images

স্পোর্টস / ফুটবল

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

স্পোর্টস ডেস্ক

০৬ এপ্রিল ২০২৬, ১১:৩৪ এএম

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ফ্রান্স জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে সম্মত হয়েছেন কিংবদন্তি জিনেদিন জিদান। একাধিক আন্তর্জাতিক সূত্র জানিয়েছে, ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সঙ্গে তার মৌখিক সমঝোতা ইতোমধ্যে হয়ে গেছে।

বর্তমান কোচ দিদিয়ের দেশম বিশ্বকাপ শেষে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। সেই অনুসারে, ২০২৬ ফিফা বিশ্বকাপ উত্তর আমেরিকায় শেষ হওয়ার পরই ‘লেস ব্লুস’-এর নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন জিদান। 

২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর থেকেই জিদানকে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে কোচ হিসেবে দেখার আলোচনা চলছিল। বিশেষ করে তার সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে ফেরার সম্ভাবনা নিয়ে জোর গুঞ্জন উঠেছিল। এছাড়া সৌদি আরবের ক্লাব আল হিলাল থেকেও লোভনীয় প্রস্তাব এসেছিল। তবে সব প্রস্তাব প্রত্যাখ্যান করে নিজের দেশের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তই বেছে নিয়েছেন ৫৩ বছর বয়সী এই ফরাসি আইকন।

চুক্তির একটি বিশেষ দিক হলো, এতে কোনো নির্দিষ্ট মেয়াদ উল্লেখ করা হয়নি। অর্থাৎ, জিদান যতদিন চাইবেন, ততদিন ফ্রান্স দলের সঙ্গে থাকতে পারবেন। এতে ফেডারেশন যে তার ওপর দীর্ঘমেয়াদি আস্থা রাখছে, তা স্পষ্ট হয়ে উঠেছে।

জিদানের কোচিংয়ে রিয়াল মাদ্রিদ তিনবার টানা চ্যাম্পিয়নস লিগ জিতেছে, যা ফুটবল ইতিহাসে বিরল কীর্তি। এবার সেই সাফল্যের ছোঁয়া ফ্রান্স জাতীয় দলে আনতে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়। দেশমের দীর্ঘ মেয়াদের পর জিদানের আগমন ফরাসি ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন উন্মাদনা তৈরি করেছে।