images

স্পোর্টস / ফুটবল

এফএ কাপ থেকে আর্সেনালের বিদায়

স্পোর্টস ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পিএম

দুই সপ্তাহ আগেও চারটি শিরোপা জয়ের সম্ভাবনা ছিল আর্সেনালের। তবে গানাররা লিগ কাপের পর এবার বিদায় নিয়েছে এফএ কাপ থেকে। দ্বিতীয় স্তরের ক্লাব সাউদাম্পটনের কাছে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার-ফাইনালেই শেষ হয়েছে মিকেল আর্তেতার দলের যাত্রা। শনিবার সাউদাম্পটের মাঠে ২-১ গোলে হারে প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দলটি।

আন্তর্জাতিক বিরতির আগে গত ২২ মার্চ ম্যানচেস্টার সিটির কাছে ইংলিশ ফুটবল লিগ কাপের ফাইনালে হেরেছিল আর্সেনাল। এবার বিরতির পর মাঠে ফেরার দিনে তাদের শেষ হয়ে গেল আরেকটি শিরোপা জয়ের আশা।

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে ৯ পয়েন্টে এগিয়ে থাকা আর্সেনাল টিকে আছে চ্যাম্পিয়নস লিগে। ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরের কোয়ার্টার-ফাইনালে তাদের প্রতিপক্ষ পর্তুগিজ ক্লাব স্পোর্তিং লিসবন।

ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের টুর্নামেন্ট চ্যাম্পিয়শিপের সাত নম্বরে থাকা সাউদাম্পটনের বিপক্ষে বল দখল ও আক্রমণে বেশ এগিয়ে ছিল আর্সেনাল। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য নেওয়া ২৪টি শটের মধ্যে ৯টি লক্ষ্যে রাখে তারা। অন্যদিকে ৭টি শট নেওয়া স্বাগতিকরা লক্ষ্যে রাখতে পারে ৪টি।

৩৫তম মিনিটে সাউদাম্পটনে এগিয়ে দেন রস স্টুয়ার্ট। ম্যাচে ফিরতে মরিয়া আর্সেনালকে ৬৮তম মিনিটে সমতায় ফেরান ভিক্তর ইয়োকেরেশ। নির্ধারিত সময় শেষ হওয়ার ৫ মিনিট আগে স্বাগতিকদের আবার এগিয়ে দেন শিয়া চার্লস। বাকি সময় সেই গোল আর শোধ দিতে পারেনি আর্তেতার দল।

কোয়ার্টার-ফাইনালের প্রথম ম্যাচে আর্লিং হলান্দের হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ম্যানচেস্টার সিটি। দ্বিতীয় ম্যাচে তৃতীয় স্তরের ক্লাব পোর্ট ভ্যালেকে ৭-০ গোলে উড়িয়ে সেমি-ফাইনালে উঠেছে চেলসি।