images

স্পোর্টস / ক্রিকেট

নতুন ঘরে প্রথম গল্প লিখলেন মেসি

স্পোর্টস ডেস্ক

০৫ এপ্রিল ২০২৬, ১১:৩০ এএম

ইন্টার মিয়ামির নতুন স্টেডিয়াম নু স্টেডিয়ামে প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তবে জয়ের দেখা পেল না তারকাখচিত দলটি। অস্টিন এফসির সঙ্গে ২-২ গোলে ড্র করে মাঠ ছাড়তে হলো ইন্টার মিয়ামিকে।

রোববার ভোরে (বাংলাদেশ সময়) মেজর লিগ সকারের (এমএলএস) এই ম্যাচ দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো প্রায় ২৭ হাজার দর্শক ধারণক্ষমতার নু স্টেডিয়ামের।

ম্যাচের শুরুতে দ্রুতই পিছিয়ে পড়ে মিয়ামি। ৬ মিনিটে অস্টিনের ডিফেন্ডার গুইলের্মো বিরো গোল করে অতিথিদের এগিয়ে দেন। মাত্র চার মিনিট পর, ১০ম মিনিটে সমতা ফেরান মেসি। ইয়ান ফ্রের ক্রস থেকে দারুণ এক হেডে গোল করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। এটি ছিল নতুন স্টেডিয়ামে মিয়ামির প্রথম গোল।

প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে জেডেন নেলসনের গোলে আবার এগিয়ে যায় অস্টিন। 

জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে মিয়ামি। শেষ দিকে, ৮২ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে জার্মান বারতেরামির হেড থেকে বল পেয়ে জোরালো শটে গোল করে সমতা ফেরান লুইস সুয়ারেজ। এরপরেও জয়সূচক গোলের জন্য চেষ্টা চালিয়ে যায় মিয়ামি, কিন্তু আর গোল হয়নি।

পুরো ম্যাচে দাপট দেখিয়েছে ইন্টার মিয়ামি। বল দখলে তারা ছিল অনেক এগিয়ে (প্রায় ৬০ শতাংশ)। তবে সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

এই ড্রয়ের পর এমএলএসের ইস্টার্ন কনফারেন্সে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ইন্টার মিয়ামি। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল।

এসটি