স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৬, ১০:০৩ পিএম
ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ দল। অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। শনিবার সন্ধ্যা ৭টায় ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে চ্যাম্পিয়ন দলের সদস্যরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
সাফজয়ী যুবাদের বিমানবন্দরে স্বাগত জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি দলের অধিনায়ক মিঠু চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাফুফে সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।
এরপর বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে হাতিরঝিলের উদ্দেশ্যে রওনা হয় চ্যাম্পিয়ন বাংলাদেশ দল। এ সময় বেশ উজ্জীবিত ছিলেন দলের সবাই।
ছাদখোলা বাসে করে এবারই প্রথম শিরোপা উদযাপন করেছে পুরুষদের কোনো ফুটবল দল। এর আগে কেবল নারী ফুটবল দল ২০২২ এবং ২০২৪ সালে সাফ জয় এবং ২০২৫ সালে এশিয়ান কাপে কোয়ালিফাই করার পর এই বিশেষ সম্মাননা পেয়েছিল।
ছাদখোলা বাসে উদযাপন করতে করতে চ্যাম্পিয়ন দল ইতোমধ্যেই হাতিরঝিলের এম্ফিথিয়েটারে পৌঁছেছে। সেখানে বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।