images

স্পোর্টস / ক্রিকেট

ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্বে মিরাজ-লিটনের মেয়াদ বাড়ল

স্পোর্টস ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৪ পিএম

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বে আছেন মেহেদী হাসান মিরাজ। টি-টোয়েন্টিতে অধিনায়ক লিটন দাস। নেতৃত্বে এ দুজনেরই মেয়াদ বাড়ানো হয়েছে।

আজ বিসিবির বোর্ড সভা শেষে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্রিকেট অপরাশেসন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। এছাড়া বোর্ড সভায় নতুন স্পিন বোলিং কোচও নিয়োগ দেওয়া হয়েছে।

ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত মিরাজকে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। একই সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়ক লিটন ও সহ-অধিনায়ক সাইফ হাসানের মেয়াদও বাড়ছে। 

টি-টোয়েন্টি দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক লিটন-সাইফের মেয়াদ ইতোমধ্যেই ফুরিয়েছে। তবে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত এ দুজনই থাকছেন নেতৃত্বে। 

এদিকে বোর্ড সভায় জাতীয় দলের জন্য নতুন স্পিন বোলিং কোচও নিয়োগ দিয়েছে বিসিবি। জাতীয় দলের সাবেক স্পিনার মোহাম্মদ রফিক থাকবেন স্পিন বোলিং কোচের ভূমিকায়। 

লিটনের ক্ষেত্রে শুরুতে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হলেও, দল সেই আসরে অংশ নিতে না পারায় বোর্ড তার ওপর আস্থা ধরে রেখেছে এবং পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত মেয়াদ বাড়িয়েছে।

অন্যদিকে মিরাজের অধিনায়কত্ব নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রাথমিকভাবে তার মেয়াদ ছিল এক বছর, এবং পারফরম্যান্স নিয়ে প্রশ্নও উঠেছিল। তবে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয় তার নেতৃত্বকে নতুনভাবে মূল্যায়নের সুযোগ তৈরি করে। ফলে তাকে দীর্ঘমেয়াদে দায়িত্বে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।