স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৬, ০৯:০৫ পিএম
এফএ কাপের কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সে লিভারপুলকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি। এদিন হ্যাটট্রিক করেছেন আর্লিং হালান্ড, সঙ্গে একটি গোল করেন আনতোয়ান সেমেনিয়ো।
এতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতে কিছুটা ভালো খেললেও সুযোগ কাজে লাগাতে পারেনি লিভারপুল। আর সেই সুযোগই কাজে লাগিয়ে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সিটি। প্রথমার্ধের শেষ দিকে জোড়া গোল করে সিটিকে এগিয়ে দেন হালান্ড। বিরতির পর সেমেনিয়ো ব্যবধান বাড়ান। এরপর নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।
৪-০ গোলে পিছিয়ে থাকা লিভারপুলের দিনটা আরও খারাপ হয়, যখন দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মোহাম্মদ সালাহ। সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ড তার শট ঠেকিয়ে দেন। দলের এমন ভরাডুবিতে চাপ বেড়েছে কোচ আর্নে স্লটের ওপর। ম্যাচ চলাকালেই সিটি সমর্থকদের কাছ থেকে ‘তোমাকে সকালে বরখাস্ত করা হবে’- এমন স্লোগানও শুনতে হয়েছে তাকে।
সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ সাত ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া লিভারপুল বর্তমানে প্রিমিয়ার লিগে আছে পঞ্চম স্থানে। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। এক বছর আগেও যেখানে ইংলিশ লিগের ২০তম শিরোপার দ্বারপ্রান্তে ছিল লিভারপুল, সেখানে এখন তাদের এমন পতন বিস্ময়করই বলা যায়।
অন্যদিকে, টানা অষ্টমবারের মতো এফএ কাপের সেমিফাইনালে উঠল ম্যানসিটি। এই মৌসুমে প্রিমিয়ার লিগে লিভারপুলকে দুবার হারানোর পর এবার কাপেও জয় পেল তারা, ১৯৩৭ সালের পর প্রথমবার টানা তিন ম্যাচে লিভারপুলকে হারাল সিটি।
এফএ কাপে ঘরের মাঠে টানা ১৮ ম্যাচ জিতে নতুন রেকর্ডও গড়েছে পেপ গার্দিওলার দল। লিগে শীর্ষে থাকা আর্সেনালের থেকে ৯ পয়েন্ট পিছিয়ে থাকা এবং চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সিটি। আন্তর্জাতিক বিরতির আগে লিগ কাপের ফাইনালে আর্সেনালকে হারানোর পর এই জয় তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।
ম্যাচের শুরুতে কয়েকটি ভালো সুযোগ পেয়েছিল লিভারপুল। তবে হুগো একিতিকে ও সালাহ কেউই সেগুলো কাজে লাগাতে পারেননি। ৩৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সিটিকে এগিয়ে দেন হালান্ড। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন তিনি, নিখুঁত হেডে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই সেমেনিয়োর গোলে ম্যাচ থেকে ছিটকে যায় লিভারপুল। এরপর ৫৭ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন হালান্ড। মৌসুম শেষে লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়া সালাহর পারফরম্যান্সও ছিল হতাশাজনক। পেনাল্টি মিসসহ পুরো ম্যাচেই ছন্দহীন ছিলেন তিনি। এই জয়ে এখন এফএ কাপ জয়ের স্বপ্ন দেখছে সিটি। ২০২৩ সালের পর আবারও শিরোপা জয়ের লক্ষ্য তাদের সামনে।