images

স্পোর্টস / ফুটবল

নারী রেফারিকে কুরুচিপূর্ণ মন্তব্য করে বিশ্বকাপ স্বপ্ন দোলাচলে নেইমারের

স্পোর্টস ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫১ পিএম

নেইমারের শনির দশা যেন কিছুতেই পিছু ছাড়ছে না। চোটের সঙ্গে এবার যোগ হয়েছে বড় ধরনের নিষেধাজ্ঞার শঙ্কা। ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলার স্বপ্ন এখন অনেকটাই অনিশ্চয়তার মুখে। সান্তোসের হয়ে খেলতে গিয়ে রেফারির তীব্র সমালোচনা করে ফেলায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এখন কঠিন শাস্তির ঝুঁকিতে পড়েছেন।

গতকাল সিরি ‘আ’-তে রেমের বিপক্ষে ম্যাচ শেষে সাক্ষাৎকারে রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ উগড়ে দেন নেইমার। তিনি বলেন, “সবসময় একই ঘটনা ঘটে। এটা অন্যায্য। ম্যাচের শেষ দিকে আমাকে পেছন থেকে অপ্রয়োজনীয় ফাউল করা হয়েছে। এটা প্রথমবার নয়, তৃতীয়-চতুর্থবার এমন হচ্ছে।”

নেইমার আরও যোগ করেন, “আমি রেফারির কাছে প্রতিবাদ করতে গিয়ে তাকে বলেছি, ‘তুমি কি পাগল?’ ওই রেফারি সবসময় এমন আচরণ করেন। তাঁর সঙ্গে কথা বলাই যায় না, পেছন ঘুরে উপেক্ষা করেন। তিনি খেলাটা নিজের মতো চালাতে চান। খেলোয়াড়দের প্রতি কোনো সম্মান নেই তাঁর। শুধু আমার সঙ্গে নয়, প্রতিপক্ষের সঙ্গেও একই আচরণ করেন।”

“খেলোয়াড়রা প্রশ্ন করতে পারে, প্রতিবাদ জানাতে পারে; এটাই তো ফুটবল। রেফারিদের এটা সামলানো উচিত। কিন্তু তাঁর এই আচরণ খুবই অপ্রীতিকর ও অসম্মানজনক,” বলেন নেইমার।

ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি আগেই স্পষ্ট করে দিয়েছেন, বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেতে হলে নেইমারকে শতভাগ ফিট থাকতে হবে এবং ভালো পারফর্ম করতে হবে। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে ব্রাজিল স্কোয়াডে জায়গা না পাওয়া নেইমার সান্তোসের হয়ে নিজেকে প্রমাণের সুযোগ খুঁজছিলেন। 

কিন্তু এক ম্যাচ খেলার পরই তিনি কার্ডজনিত নিষেধাজ্ঞায় পড়েন। আর এরপরই রেফারির বিরুদ্ধে এমন কড়া মন্তব্য করে বসেন।

ব্রাজিলিয়ান ফুটবলে রেফারির প্রকাশ্য সমালোচনার ক্ষেত্রে কঠোর শৃঙ্খলাবিধি রয়েছে। অতীতে এ ধরনের ঘটনায় খেলোয়াড়দের ১২ ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। যদি নেইমারের ক্ষেত্রেও একই রকম শাস্তি দেওয়া হয়, তাহলে আগামী ১৮ মে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার আগে তাঁর হাতে থাকা ১৪টি ম্যাচের সুযোগও নষ্ট হয়ে যাবে। ফলে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ হয়ে যেতে পারে নেইমারের।

এসটি