স্পোর্টস ডেস্ক
০৪ এপ্রিল ২০২৬, ০২:০৫ পিএম
বাংলাদেশ যুব ফুটবল দল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের পর দেশে ফিরছে। তাদের বীরোচিত সংবর্ধনা দিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন যুবারদের নিয়ে শোভাযাত্রা যাবে হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে। সেখানে আনুমানিক রাত ৭টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে দলের সদস্যদের।
বাফুফে জানিয়েছে, সমর্থক ও সাধারণ জনগণকে এই শোভাযাত্রায় অংশ নিয়ে চ্যাম্পিয়নদের স্বাগত জানানোর আহ্বান জানানো হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) নেপালে অনুষ্ঠিত ফাইনালে ভারতের বিপক্ষে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হয়। খেলা গড়ায় টাইব্রেকারে। ৩-৩ সমতার পর শেষ শট নিতে আসেন রোনান সুলিভান। গোল করলেই শিরোপা বাংলাদেশের। চাপের মুহূর্তে অসাধারণ ধীরস্থিরতায় ‘পানেনকা’ স্টাইলে শট নিয়ে বল জালে জড়ান রোনান। আর তাতেই প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ট্রফি উঠেছে বাংলাদেশের হাতে।
এর আগে নারী দল একাধিকবার এমন বর্ণিল সংবর্ধনা পেলেও, পুরুষ দলের মধ্যে বয়সভিত্তিক পর্যায়ে এটিই প্রথমবার এ ধরনের আয়োজন।
বাফুফে আশা করছে, এই আয়োজনের মাধ্যমে দেশের ফুটবলের এই ঐতিহাসিক অর্জনকে আরও বেশি উদযাপন করা যাবে এবং যুব ফুটবলারদের উৎসাহ আরও বাড়বে।
সমর্থকদের উদ্দেশে বাফুফে বলেছে, “চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে শোভাযাত্রায় যোগ দিন। লাল-সবুজের উল্লাস ছড়িয়ে দিন হাতিরঝিলে।”