স্পোর্টস ডেস্ক
০৩ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ পিএম
বাবা যোগরাজ সিংয়ের বিতর্কিত মন্তব্য নিয়ে অবশেষে মুখ খুলেছেন যুবরাজ সিং। তিনি জানিয়েছেন, সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও কিংবদন্তি কপিল দেবকে বাবার মন্তব্যের জন্য তিনি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে চান।
এক সাক্ষাৎকারে যুবরাজ বলেন, “আমি কপিল দেব এবং এমএস ধোনির কাছে এই মন্তব্যগুলোর জন্য ক্ষমা চাইতে চাই। আমি বাবাকে বলেছি, এটা ঠিক না।”
ভারতীয় ক্রিকেটের দুই মহান কিংবদন্তি কপিল দেব ও ধোনি- দুজনই দেশের হয়ে ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক। অথচ তাদের নিয়েই একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন যোগরাজ। কখনো ধোনিকে দায়ী করেছিলেন যুবরাজের ক্যারিয়ারের শেষ পর্যায় নষ্ট করার জন্য, আবার কখনো কপিল দেবকে আক্রমণ করেছিলেন দল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে।
এই প্রসঙ্গে যুবরাজ বলেন, “কপিল দেব ভারতের জন্য দারুণ একজন খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন। আমার বাবার সঙ্গে তার কী সমস্যা ছিল, সেটা আমি জানি না।”
ধোনির সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও স্পষ্ট অবস্থান দেন তিনি। “আমি এমএস ধোনির সঙ্গে খেলেছি, আমাদের সম্পর্ক সবসময়ই ভালো ছিল। কিন্তু বাবা তার সম্পর্কে যা বলেছেন- আমি তাকে বলেছি, ‘এটা ঠিক না।’ কারণ এতে আমার ওপরও প্রভাব পড়ে।”
তিনি আরও বলেন, “আমি তাকে বলেছি, এমন কথা না বললেই ভালো হয়, কারণ যাই হোক না কেন—এগুলো গ্রহণযোগ্য নয়। আমি আন্তরিকভাবে দুজনের কাছেই ক্ষমা চাইছি। তারা জানেন, এসব কথা আমার নয়। একজন ক্রিকেটার হিসেবে আমি তাদের প্রতি সর্বোচ্চ সম্মান রাখি।”
যুবরাজ আরও জানান, আগে বাবা-ছেলের সম্পর্কটা কোচ ও শিষ্যের মতো ছিল, তবে এখন সেটা বদলেছে। “এখন আমরা বাবা-ছেলের মতো করে কথা বলার চেষ্টা করি। জীবনের এটা এক নতুন অধ্যায়। আমরা পুরনো-নতুন ক্রিকেটারদের নিয়ে অনেক আলোচনা করি, মাঝে মাঝে তর্কও হয়, তবে সবই ভালো মজার মধ্যেই,” বলেন তিনি।