স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পিএম
ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েলে গ্রাভিনা পদত্যাগ করেছেন।
ফুটবল ইতিহাসের অন্যতম সফল দেশ ইতালি প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে লড়াইয়ে টিকতে পারেনি। শুরুতে এগিয়ে থেকেও ম্যাচটি টাইব্রেকারে হেরে যায় তারা। এর ফলে ২০১৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলার অপেক্ষা আরও অন্তত চার বছর বাড়ল ইতালির। চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের জন্য এটি আরেকটি বড় হতাশা হয়ে এলো।
ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি আগেই ফুটবল ফেডারেশনে নেতৃত্ব পরিবর্তনের আহ্বান জানিয়েছিলেন, কারণ গ্রাভিনার অধীনে টানা দুইবার হতাশাজনক বিশ্বকাপ বাছাইপর্ব কাটিয়েছে দলটি। শেষ পর্যন্ত রাজনৈতিক চাপের মুখে পদ ছাড়লেন তিনি।
গ্রাভিনার বিদায়ের পর জাতীয় দলের কোচ জেন্নারো গাত্তুসোর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে, তাকেও দায়িত্ব ছাড়তে হতে পারে। বাছাইপর্বের শুরুতে নরওয়ের বিপক্ষে হারের পর লুচিয়ানো স্পালেত্তির জায়গায় দায়িত্ব নিয়েছিলেন গাত্তুসো। গ্রাভিনা ছিলেন গাত্তুসোর অন্যতম সমর্থক। বসনিয়ার কাছে হারের পরও তিনি গাত্তুসোকে দায়িত্বে থাকার অনুরোধ করেছিলেন।
তিনি বলেন, “রিনো গাত্তুসোকে অভিনন্দন জানাতে চাই। তিনি একজন দারুণ কোচ। আমি তাকে এই ছেলেদের সঙ্গে কাজ চালিয়ে যেতে বলেছি। বলার মতো খুব বেশি কিছু নেই, কোচ তাদের বীর বলে উল্লেখ করেছেন। তবে আমি বুঝি, এখন অনেক মূল্যায়নের প্রয়োজন আছে।”
অন্যদিকে, ইতালির বিশ্বকাপে না ওঠার ব্যর্থতার পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চাননি গাত্তুসো। তিনি বলেন, “এই মুহূর্তে আমার ভবিষ্যৎ নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ ছিল বিশ্বকাপে যাওয়া। আমরা এই পারফরম্যান্স থেকে ইতিবাচক কিছু নিতে পারি, কিন্তু এটা কষ্টদায়ক এবং আমি দুঃখিত।”