images

স্পোর্টস / ক্রিকেট

বাবা ছাড়াও যে ক্রিকেটারকে আদর্শ মানেন শচীনপুত্র অর্জুন

স্পোর্টস ডেস্ক

০২ এপ্রিল ২০২৬, ০২:১৫ পিএম

অর্জুন টেন্ডুলকারের নাম উঠলেই স্বাভাবিকভাবে চলে আসে তার বাবা শচীন টেন্ডুলকারের প্রসঙ্গ। সেই উত্তরাধিকারই বয়ে বেড়াচ্ছেন অর্জুন যার সঙ্গে যেমন প্রত্যাশা জড়িত, তেমনি রয়েছে চাপও।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, শচীনের ছেলে হিসেবে তিনি কি প্রত্যাশার চাপ অনুভব করেন কিনা। জবাবে অর্জুন বলেন, বাইরের কথাবার্তা না শুনে তিনি নিজের খেলাটা উপভোগ করতেই বেশি মনোযোগ দেন।

শুভঙ্কর মিশ্রর ইউটিউব চ্যানেলে তিনি বলেন, “আমি ক্রিকেট খেলি ভালোবাসা থেকে, কাউকে কিছু প্রমাণ করার জন্য নয়। আমি শুধু পরিশ্রম করার প্রক্রিয়ায় মন দিই এবং খেলাটা উপভোগ করি।”

এবারের আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন অর্জুন, এর আগে তিন মৌসুম ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। নতুন মৌসুম শুরুর আগে বাবার বাইরে কোন ক্রিকেটারকে আদর্শ হিসেবে মানেন, এমন প্রশ্নে তিনি বেছে নেন যুবরাজ সিংকে।

অর্জুন বলেন, “অবশ্যই তার ব্যাটিং আর কী!” যুবরাজের বোলিং নিয়ে তিনি যোগ করেন, “তিনি ছিলেন স্পিনার, আর আমি পেসার।”

২০২১ সালে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়ে আইপিএল যাত্রা শুরু করেন অর্জুন। ২০২৫ পর্যন্ত দলটিতে থাকলেও খুব বেশি সুযোগ পাননি। এরপর এবারের আসরের আগে যোগ দেন লক্ষ্ণৌ ফ্র্যাঞ্চাইজিতে। নতুন দলে এখনো অভিষেক হয়নি তার, তবে আগের তুলনায় বেশি সুযোগ পাওয়ার প্রত্যাশা নিয়েই এসেছেন তিনি।

একই সাক্ষাৎকারে মুম্বাই ইন্ডিয়ান্সে কম সুযোগ পাওয়া নিয়েও কথা বলেন অর্জুন। তাকে প্রশ্ন করা হয়েছিল, “আপনি কয়েকটি ম্যাচ খেলেছেন এবং ভালো বোলিংও করেছেন। আপনার সুইং ভালো ছিল, তখন কি মনে হয়নি আরও বেশি সুযোগ পাওয়া উচিত ছিল?”

জবাবে তিনি বলেন, “এমনটা কে না ভাবে? কেউই বেঞ্চে বসে থাকতে চায় না। তবে সুযোগ পেলে যেন ভালো করতে পারি, এজন্য কঠোর পরিশ্রম করাটাই আমাদের লক্ষ্য।”