স্পোর্টস ডেস্ক
০২ এপ্রিল ২০২৬, ০১:২৪ পিএম
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বুধবার রাতে মুলতান সুলতানসের জার্সিতে এক অবিস্মরণীয় ইনিংস খেললেন সাহিবজাদা ফারহান। হায়দরাবাদ কিংসম্যানের দেওয়া ২২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৫৭ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংস খেলে দলকে ৬ উইকেটের সহজ জয় এনে দিয়েছেন এই ওপেনার। তার ব্যাট থেকে এসেছে ৭টি চার ও ৮টি বিশাল ছক্কা।
এই সেঞ্চুরির মাধ্যমে সাহিবজাদা শুধু ম্যাচ জেতাননি, ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তার নবম সেঞ্চুরি। কোহলি ৯টি সেঞ্চুরি করতে খেলেছেন ৩৯৮ ইনিংস, অথচ ফারহান তা করেছেন মাত্র ১৬০ ইনিংসে। ২৩৮ ইনিংস কম খেলেই পৌঁছে গেছেন কোহলির সমানে।
চলতি বছর টি-টোয়েন্টিতে ফারহানের ব্যাট যেন আগুন ঝরাচ্ছে। এরই মধ্যে তিনি তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন, যার দুটি এসেছে সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপে। এক আসরে দুটি সেঞ্চুরি করা প্রথম ব্যাটসম্যান হিসেবে ইতিহাস গড়েছেন তিনি। শুধু তাই নয়, বিশ্বকাপের এক সংস্করণে সর্বোচ্চ ৩৮৩ রান করার রেকর্ডও নিজের করে নিয়েছেন ৬ ইনিংসে। এতে ভেঙে দিয়েছেন কোহলির ২০১৪ সালের ৩১৯ রানের রেকর্ড।
গত বছরও ফারহানের সেঞ্চুরি উৎসব চলেছে। মার্চে পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে তিনটি এবং এপ্রিলে পিএসএলে একটি—মোট চারটি সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি ক্রিস গেইল ও বিরাট কোহলির এক বছরে চার সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসান। তার আগের দুটি সেঞ্চুরি এসেছে ২০২৩ ও ২০২২ সালে।
বর্তমানে টি-টোয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় সাহিবজাদা যৌথভাবে ষষ্ঠ স্থানে আছেন (৯টি)। দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোও একই সংখ্যক সেঞ্চুরি করেছেন। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ১০টি নিয়ে চতুর্থ স্থানে, আর পাকিস্তানের বাবর আজম ১১টি নিয়ে দ্বিতীয়। সবার শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের অবিশ্বাস্য ২২টি সেঞ্চুরি। বাবরের রেকর্ড স্পর্শ করতে ফারহানের আর মাত্র দুটি সেঞ্চুরি দরকার।
এসটি